২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জাল ভোট কিভাবে হয়েছে, এ ষড়যন্ত্র পরিস্কার: দেলোয়ার

দেশি-বিদেশি ষড়যন্ত্রে জাল ভোটের মাধ্যমে বিএনপিকে পরাজিত করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2009, 01:58 PM

Updated : 26 Aug 2022, 10:52 AM

ঢাকা, জানুয়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশি-বিদেশি ষড়যন্ত্রে জাল ভোটের মাধ্যমে বিএনপিকে পরাজিত করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। তবে অচিরেই আন্দোলন বা বিরোধিতা শুরু না করার ইঙ্গিত দিয়ে তিনি এ-ও বলেছেন, "আওয়ামী লীগ দেশ পরিচালনার সুযোগ পেয়েছে, তারাই দেশ চালাক।" বৃহস্পতিবার বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন। খোন্দকার দেলোয়ার বলেন, "'দেশি-বিদেশি' ষড়যন্ত্রে বিএনপিকে পরাজিত করা হয়েছে। আওয়ামী লীগ সরকার গঠন করুক; তারা দেশ পরিচালার সুযোগ পেয়েছে, তারাই দেশ চালাক।" 'দেশি-বিদেশি' ষড়যন্ত্রটা কী তা জানতে চাইলে খোন্দকার দেলোয়ার এর সোজা উত্তর না দিয়ে বলেন, "কিভাবে ভোট কারচুপির নির্বাচন করা হয়েছে, তা এখন দেশের মানুষ বুঝতে পেরেছে। জাল ভোট কিভাবে হয়েছে, এ ষড়যন্ত্র আজ পরিস্কার।" নির্বাচনে বিএনপির বেশিরভাগ শীর্ষ নেতার সঙ্গে নিজেও পরাজিত দেলোয়ার বিপুল ভোটে জয়ী মহাজোটকে 'তথাকথিত নির্বাচিত' আখ্যায়িত করে বলেন, "অনির্বাচিত সরকারের চেয়ে তথাকথিত নির্বাচিত সরকার ভালো।" নতুন সরকারকে সহযোগিতা করবেন কি না- জানতে চাওয়া হলে দেলোয়ার বলেন, "আমরা দেখতে চাই, আওয়ামী লীগ জনগণের কাছে যেসব প্রতিশ্র"তি দিয়েছে, তা কিভাবে বাস্তবায়ন করে। প্রথমে আমরা তা গভীরভাবে পর্যবেক্ষণ করব। তাদের মূল্যায়ন দেখে আমরা ঐক্যবদ্ধভাবে উদ্যোগ নেব।" এ মুহূর্তে বিএনপির করণীয় সম্পর্কে বিএনপির এ সিনিয়র নেতা বলেন, "আমরা দল শক্তিশালী ও সংগঠিত করার কাজ করব। বিএনপি সব সময় জনগণের পাশে ছিল, তাদের কল্যাণে কাজ করে যাবে। আমরা জনগণের পাশে অতীতে যেভাবে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকব।'' নির্বাচনে দেলোয়ার মানিকগঞ্জ-৩ আসনে মহাজোটের প্রার্থীর কাছে পরাজিত হন। এ সময় অন্যদের মধ্যে ছাত্রদলের সভাপতি আজিজুল বারী হেলাল, সাধারণ সম্পাদক শফিউল বারী হেলাল, সহ-সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং সাবেক সভাপতি আমানুল্লাহ আমান, ফজলুল হক মিলন, হাবিবউন নবী খান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রদল নেতারা কেক কাটেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এসকে/১৯৫৯ঘ.