২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাবধায়ক সরকারের বৈধতার বিষয়ে সিদ্ধান্ত সংসদে: হাসিনা

আওয়ামী লীগ সভানেত্রী, মহাজোট প্রধান শেখ হাসিনা বলেছেন, বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের বৈধতার বিষয়ে সংসদেই আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত হবে। বুধবার বিকালে প্রধান উপদেষ্টার সঙ্গে তার কার্যালয়ে এক বৈঠক শেষে বের হওয়ার সময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2008, 12:33 PM

Updated : 26 Aug 2022, 02:53 PM

ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- আওয়ামী লীগ সভানেত্রী, মহাজোট প্রধান শেখ হাসিনা বলেছেন, বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের বৈধতার বিষয়ে সংসদেই আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত হবে। (বিস্তারিত) বুধবার বিকালে প্রধান উপদেষ্টার সঙ্গে তার কার্যালয়ে এক বৈঠক শেষে বের হওয়ার সময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সন্ধ্যায় রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গেও দেখা করেন আওয়ামী লীগ সভানেত্রী। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বেরিয়ে শেখ হাসিনা বলেন, " বর্তমান সরকারের কার্যক্রমের বৈধতা দেওয়ার বিষয়ে সংসদে আলাপ করে সিদ্ধান্ত নেওয়া হবে।" তিনি জানান, বিষয়টি নিয়ে ইতোমধ্যে কয়েকজন সংবিধান বিশেষজ্ঞের সঙ্গে তারা আলোচনা করেছেন। হাসিনা বলেন, "এ নিয়ে কাজ করার জন্যে একটি কমিটি গঠন করা হবে। তারপরও সংসদে পছন্দ-অপছন্দের বিষয়ে আলাপ আলোচনার সুযোগ রয়েছে।" তিনি মন্তব্য করেন, যে কোন সরকার ক্ষমতায় এলে পূর্ববর্তী সরকারের কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখতে হয়। প্রধান উপদেষ্টার সঙ্গে কি কি বিষয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে শেখ হাসিনা বলেন, "নির্বাচন হয়ে গেলো, সৌজন্য সাক্ষাত করেছি। সেই সঙ্গে দেশের সার্র্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তাছাড়া ভালো একটি নির্বাচনের জন্য ধন্যবাদ দিতে এলাম।" তার হবু সরকারের মন্ত্রিপরিষদের আকারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, "এটি এখনই বলে দিলে তো কোন আকর্ষণ থাকবে না!" মন্ত্রীপরিষদে নবীনদের কতটুকু স্থান দেওয়া হবে জানতে চাইলে তিনি তখনও সরাসরি জবাব না দিয়ে হেসে হাল্কা চালে বলেন, "আমরা তো সবাই নবীন। বয়স ষাটের ওপরে হয়েছে তো কী হয়েছে!" তার সরকার কবে শপথ নেবে এ বিষয়ে জানতে চাইলে শেখ হাসিনা প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদকে দেখিয়ে বলেন "উনারাই এটা ঠিক করবেন।" এসময় প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, "আমি আশা করছি, যতদ্রুত সম্ভব নতুন সরকার শপথ নেবে। এজন্যে প্রস্তুতিও চলছে। এখানে গেজেট প্রকাশের বিষয় আছে। এসব বিষয় নির্বাচন কমিশনের ওপরও অনেকাংশে নির্ভর করছে।" বৈঠক প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, এতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচনের ফল নিয়ে বিএনপি সভানেত্রী খালেদা জিয়ার অভিযোগ প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে প্রধান উপদেষ্টা বলেন, "বিষয়টি নির্বাচন কমিশনের ব্যাপার। কেননা কমিশনই নির্বাচন পরিচালনা করেছে।" বিকেল ৪টার কিছু আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান শেখ হাসিনা। প্রায় দেড় ঘন্টা পর বিকেল সাড়ে ৫টায় বেরিয়ে আসেন তিনি। প্রধান উপদেষ্টার কার্যালয়ের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৈঠকে প্রধান উপদেষ্টা, শেখ হাসিনা ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম উপস্থিত ছিলেন। সরকারি পরিবহন পুলের বুলেটপ্র"ফ বিএমডব্লিউ গাড়িতে করে শেখ হাসিনা প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান। প্রায় সাড়ে ৭ বছর পরে শেখ হাসিনা এ দপ্তরটিতে প্রবেশ করলেন। সন্ধা ৭টার পর বঙ্গভবনে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে দেখা করেন শেখ হাসিনা। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব আব্দুল আউয়াল হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাষ্ট্রপতি শেখ হাসিনাকে বলেছেন, গোটা জাতি আপনার ও আপনার দলের প্রতি যেভাবে আস্থা প্রদর্শন করেছে, তাতে জাতির প্রতি আপনার ও আপনার দলের দায়িত্ব অনেক বেড়ে গেছে। আমি আশা করি, জাতির প্রত্যাশা পূরণে আপনারা সফল হবেন। আমি দৃঢ়ভাবে আশা করি, এ নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক অগ্রযাত্রা আরও শক্তিশালী হবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন তরান্বিত হবে। "জবাবে শেখ হাসিনা বলেন, মানুষ অনেক প্রত্যাশা নিয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষায় ছিল। সে ভোট তারা দিতে পেরেছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখতে হবে। আমি মনে করি, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনে আমাদের সবাইকে কাজ করতে হবে। আমরা সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করতে চাই। তবে মানুষ যেভাবে আমাদের ওপর প্রবল আস্থা রেখেছে- তাতে আমাদের কাছে মানুষের প্রত্যাশাও অনেক বেশি। এটা মাথায় রেখেই আমরা কাজ করার চেষ্টা করব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এমএ/এসআইটি/এমকে/এএল/এমআই/জেকে/এসকে/২৩০০ঘ.