সাইফুল আলম বাবু
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
পঞ্চগড়, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনে পরাজয়ের কারণ খুঁজতে গিয়ে জাতীয় সংসদের স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের উপলব্ধি, পঞ্চমবারের মতো সাংসদ প্রার্থী হওয়াটা 'অতিরিক্ত' হয়ে গিয়েছিল।
নির্বাচনে বিজয়ী প্রতিদ্বন্দ্বী মাজহারুল হক প্রধান মঙ্গলবার স্পিকারের সঙ্গে দেখা করতে গেলে তিনি রসিকতাচ্ছলে তার এ উপলব্ধির কথা জানান।
নির্বাচনে বিজয়ী মাজহারুল হককে অভিনন্দন জানিয়ে ব্যারিস্টার জমিরউদ্দিন বলেন, "গুড, ইয়াং ম্যান।"
ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার ১৯৯১ সালে ঢাকার একটি আসনে উপনির্বাচনে বিজয়ী হন। পরের তিনটি সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন থেকে নির্বাচিত হন তিনি।
২৯ ডিসেম্বরের নির্বাচনে চারদলীয় জোটের মনোনয়নে প্রার্থী হন বিএনপি নেতা ব্যারিস্টার জমিরউদ্দিন। তবে এবার আওয়ামী লীগ নেতা মাজহারুল হক প্রধানের কাছে প্রায় ৪৯ হাজার ভোটে হেরেছেন তিনি।
১৯৭৩ সালের পর এবারই প্রথম আওয়ামী লীগের কোনও নেতা পঞ্চগড়-১ আসনে বিজয়ী হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬২৫ ঘ.
bdnews24