২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এ নির্বাচন গ্রহণযোগ্য নয়: খালেদা

গত ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনকে 'সাজানো' আখ্যায়িত করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, এ নির্বাচন গ্রহণযোগ্য নয়। মঙ্গলবার গুলশানে নিজের কার্যালয়ে রাত ১২টার পর এক সংবাদ সম্মেলনে খালেদা এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2008, 06:30 PM

Updated : 26 Aug 2022, 02:53 PM

ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনকে 'সাজানো' আখ্যায়িত করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, এ নির্বাচন গ্রহণযোগ্য নয়। মঙ্গলবার গুলশানে নিজের কার্যালয়ে রাত ১২টার পর এক সংবাদ সম্মেলনে খালেদা এ কথা বলেন। চারদল নির্বাচন প্রত্যাখ্যান করছে কি না- এ প্রশ্নের সরাসরি জবাব এড়িয়ে গিয়ে জোট নেত্রী বলেন, "গ্রহণযোগ্য নয় মানে তো আপনারা বুঝতেই পারছেন। আমরা পরে এ বিষয়ে আরও বলব।" সাংসদ হিসেবে শপথ নেবেন কি না- সে বিষয়ে শরিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি। এর আগে খালেদা বলেন, "ভোট মহাজালিয়াতির এমন দৃষ্টান্ত অতীতে নেই। প্রধান নির্বাচন কমিশনার এমন একটি সাজানো সিলেকশন বাস্তবায়ন করেছেন- যে নীল নকশার কথা আমরা অনেক আগে থেকেই বলে আসছিলাম।" এ নির্বাচনে জনগণের মতামতের সঠিক প্রতিফলন ঘটেনি বলেও মন্তব্য করেন তিনি। একটি 'সাজানো নির্বাচন উপহার দেওয়ায়' প্রধান নির্বাচন কমিশনারকে বিদ্রুপের সুরে 'ধন্যবাদ' জানান বিএনপি চেয়ারপারসন। তিনি বলেন, "দুপুর ১২টার মধ্যে ৪৫ থেকে ৫০ শতাংশ ভোট পড়ে। তারপর ভোটার উপস্থিতি কম ছিল। কিন্তু গণনায় দেখা যায় ৯০ ভাগ ভোটার উপস্থিতি। এটা কি করে হলো।" খালেদা আরও বলেন, সোমবারের নির্বাচনে চারদলের পরাজিত প্রার্থীদের তালিকায় এমন নেতারা রয়েছেন, যারা এর আগে বিপুল ভোটে বিজয়ী হয়ে আসছিলেন। নির্বাচনে অনিয়মের সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ আছে কি না জানতে চাইলে এই সাবেক প্রধানমন্ত্রী বলেন, তার কাছে প্রমাণ আছে। পরে তা দেখানো হবে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একাধিকবার বলেন, "আমরা এ নিয়ে আরও কথা বলব।" বৃহস্পতিবার দলে আলোচনা করে এ বিষয়ে আরও মতামত দেবেন বলে খালেদা জিয়া জানান। এর আগে সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত বিএনপির স্থায়ী কমিটির সভায় অংশ নেন তিনি। অন্যদের মধ্যে এ বৈঠকে দলের মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমান, খন্দকার মোশাররফ হোসেন, আরএ গণি, চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, খন্দকার মাহবুব উদ্দীন আহমাদ ও এম শামসুল ইসলাম বৈঠকে অংশ নেন। সোমবার নির্বাচনের পর বিএনপির দপ্তর সম্পাদক রিজভী আহমেদ অভিযোগ করেন, সারাদেশে ৭২টি আসনে ২২০টি কেন্দ্রে ভোট গ্রহণে অনিয়ম হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএমএ/জেকে/এসকে/০০৩৫ ঘ.