২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মহাজোটকে ভারতের অভিনন্দন

সোমবার অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনকে দক্ষিণ এশিয়ার গণতান্ত্রিক রাজনীতির ইতিহাসে একটি 'মাইলফলক' অভিহিত করে বিজয়ী আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটকে অভিনন্দন জানিয়েছে ভারত সরকার। নয়া দিল্লী থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর জন্য লিখেছেন সিএনএন-আইবিএন চিফ ন্যাশনাল করেসপন্ডেন্ট সুমন কে চক্রবর্তী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2008, 05:50 PM

Updated : 26 Aug 2022, 02:53 PM

নয়াদিল্লী, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত সোমবার অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনকে দক্ষিণ এশিয়ার গণতান্ত্রিক রাজনীতির ইতিহাসে একটি 'মাইলফলক' অভিহিত করে বিজয়ী আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটকে অভিনন্দন জানিয়েছে ভারত সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিষ্ণু প্রকাশ মঙ্গলবার বলেন, "বিপুলসংখ্যক ভোটারের অংশগ্রহণ এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত এ নির্বাচন আসলে গণতন্ত্রেরই বিজয় ঘোষণা করেছে।" তিনি বলেন, "এই নির্বাচনের মাধ্যমে, বাংলাদেশের মানুষ সমস্বরে গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির পক্ষে মত দিয়েছে।" ভারত ও বাংলাদেশের ঐতিহগত মিলের প্রসঙ্গ টেনে মুখপাত্র বলেন, এই বন্ধুত্ব এবং শান্তি ও উন্নয়নের পথে সহযোগিতার বন্ধনকে আরও দৃঢ় করার জন্য ভারত সরকার বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে। ভারতের কর্মকর্তারা স্পষ্টই ইঙ্গিত দিয়েছেন যে শেখ হাসিনার জয়ে তারা অনেকখানি স্বস্তি বোধ করছেন। বিশেষ করে জঙ্গিবাদ দমন ইস্যুতে অন্য বিরোধীদের তুলনায় আওয়ামী লীগের তুলনামূলক আন্তরিকতার জন্য ভারত তাদের জয়ে সন্তোষ বোধ করবে এটা ধরেই নেওয়া যায়। ভারত বেশ কিছুদিন ধরেই তার বিরুদ্ধে সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহৃত হচ্ছে বলে দাবি করে এসেছে যা বাংলাদেশ বরাবরই অস্বীকার করে এসেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/এসকে/২৩৪০ঘ.