চট্টগ্রাম, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবলীগের কর্মী রহিম বাদশাকে (২৫) ছুরি মেরে হত্যা করেছে দুর্বত্তরা। মঙ্গলবার সকালে ভাটিয়ারি রেল স্টেশনের কাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত রহিম কাঠমিস্ত্রির কাজ করত। তার বাবার নাম নুরুল ইসলাম মিস্ত্রী। আওয়ামী লীগ এ হত্যাকাণ্ডের জন্য স্থানীয় বিএনপি কর্মীদের দায়ী করেছে।
নিহতের মা রোকসানা আকতার জানান, রহিম সোমবার ভাটিয়ারি এলাকায় মহাজোট প্রার্থীর পক্ষে নির্বাচনী কাজ শেষে রাত ৯টার দিকে বাড়ি ফেরে। পরে রাত ১০টার দিকে তার এক বন্ধু বাসায় এসে তাকে ডেকে নিয়ে যায়।
মঙ্গলবার ভোরে স্থানীয় বাসিন্দারা ভাটিয়ারি স্টেশনের কাছে রেল লাইনে তার লাশ পড়ে থাকতে দেখে পরিববারের সদস্য ও পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
সীতাকুণ্ড থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক জাহানারা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পেটে এলোপাথারি ছুরি মেরে রহিমকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিন জনকে আসামি করে একটি মামলা হয়েছে।"
তবে 'তদন্তের স্বার্থে' আসামিদের নাম প্রকাশ করতে রাজি হননি তিনি।
স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা এ হত্যাকাণ্ডের জন্য বিএনপিকে দায়ী করলেও উপপরিদর্শক জাহানারা বেগম বলেন, "পারিবারিক ও পূর্বশত্র"তার জের ধরেই রহিমকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছি আমরা।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/জেকে/২৩২০ ঘ.
bdnews24