২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফলাফল প্রত্যাখান করে নরসিংদীতে খোকনের সংবাদ সম্মেলন

প্রশাসনের 'নগ্ন হস্তক্ষেপ' ও 'ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের' মাধ্যমে বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন নরসিংদী-১ (সদর) আসনের পরাজিত বিএনপি প্রার্থী খায়রুল কবির খোকন। তিনি নির্বাচনের ফলাফল প্রত্যাখান করে এ আসনে আবার নির্বাচন দাবি করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2008, 03:58 PM

Updated : 26 Aug 2022, 02:53 PM

নরসিংদী, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রশাসনের 'নগ্ন হস্তক্ষেপ' ও 'ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের' মাধ্যমে বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন নরসিংদী-১ (সদর) আসনের পরাজিত বিএনপি প্রার্থী খায়রুল কবির খোকন। তিনি নির্বাচনের ফলাফল প্রত্যাখান করে এ আসনে আবার নির্বাচন দাবি করেছেন। মঙ্গলবার বিকেলে জেলা শহরের চিনিশপুরস্থ নিজের বাসায় সংবাদ সম্মেলন করে তিনি খোকন এ দাবি করেন। খায়রুল কবির খোকন এক লাখ পাঁচ হাজার ৪৫৪ ভোট পেয়েছেন। অন্যদিকে আওয়ামী নজরুল ইসলাম এক লাখ ২২ হাজার ১০৫ ভোট পেয়ে এ আসনে জয়ী হয়েছেন। সংবাদ সম্মেলনে খোকন অভিযোগ করেন, "নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে সরকারের সংস্থাপন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাইনউদ্দিন খন্দকার সরকারি গাড়ি নিয়ে নৌকার পক্ষে প্রচারণা চালান। আওয়ামী লীগ প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট নরসিংদী পৌর মেয়র লোকমান হোসেন নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে ৫০/৬০ জন লোক নিয়ে শহরসহ বিভিন্ন ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষের ভোটার ও এজেন্টদেরকে বিভিন্ন হুমকি দেন।" এছাড়া পুলিশ ও সরকারি কর্মকর্তা, কর্মচারীরা নৌকার পক্ষে কাজ করার জন্য চাপ সৃষ্টি করায় অন্তত ২০ হাজার ভোট হারিয়েছেন বলে দাবি করেন খোকন। তিনি দাবি করেন, "এসব অভিযোগ রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিতভাবে করা হলেও রহস্যজনক কারণে কোন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।" ভোটকেন্দ্রে ভীতিকর অবস্থা সৃষ্টি করে সাধারণ ভোটারদের সরে যেতে বাধ্য করা, ভোট গণনায় দীর্ঘসূত্রতার আশ্রয় নিয়ে 'ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের' মাধ্যমে ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগও করেন খোকন। সংবাদ সম্মেলনে বিএনপি ও সহযোগী সংগঠনের কোন নেতা উপস্থিত ছিলেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৯৭ ঘ.