২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে ৩২ হাজার 'না' ভোট

নবম সংসদ নির্বাচনের মধ্য দিয়ে প্রথমবারের মতো প্রবর্র্তিত হলেও উল্লেখযোগ্য সংখ্যক 'না' ভোট পড়েছে। সবচেয়ে বেশি 'না' ভোট পড়েছে পার্বত্য রাঙামাটি আসনে। এ আসনে 'না' ভোট পড়েছে ৩২ হাজার ৬৪টি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2008, 03:57 PM

Updated : 26 Aug 2022, 02:53 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম সংসদ নির্বাচনের মধ্য দিয়ে প্রথমবারের মতো প্রবর্র্তিত হলেও উল্লেখযোগ্য সংখ্যক 'না' ভোট পড়েছে। সবচেয়ে বেশি 'না' ভোট পড়েছে পার্বত্য রাঙামাটি আসনে। এ আসনে 'না' ভোট পড়েছে ৩২ হাজার ৬৪টি। নির্বাচন কমিশন (ইসি) কর্মকর্তারা জানান, ২৯ নভেম্বরের নির্বাচনে প্রতিটি আসনে কম-বেশি 'না' ভোট পড়েছে। এর মোট সংখ্যা পৌনে ৪ লাখ বলে তারা প্রাথমিকভাবে জানিয়েছেন। তবে কোনও আসনেই পুনর্নির্বাচন হওয়ার জন্য প্রয়োজনীয় সংখ্যক 'না' ভোট পড়েনি বলে কর্মকর্তারা জানান। কোনও আসনে গৃহীত ভোটের ৫০ শতাংশ বা তার বেশি 'না' ভোট পড়লে সে আসনে পুনর্নির্বাচনের বিধান রয়েছে। রাজনৈতিক দলগুলোর আপত্তি থাকলেও ইসি এবার প্রথমবারের মতো ব্যালট পেপারে 'না' ভোট রাখার বিধান রাখে। এক্ষেত্রে কমিশনের যুক্তি- অধিক সংখ্যক ভোটারকে কেন্দ্র আনার জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে। কারণ কোনও প্রার্থী পছন্দ না হলে অনেকে ভোট দিতে চান না। তাদের বিষয় বিবেচনায় রেখে এ ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। নির্বাচন কমিশন উপসচিব একেএম সলিমুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সোমবার রাতে বলেন, "না ভোটও ভোটারদের একটি অধিকার। কোনও আসনে প্রার্থী পছন্দ না হলেও ভোটাররা যাতে কেন্দ্রে এসে সে মতামত প্রকাশের সুযোগ পায় তার জন্য এ ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে।" তিনি বলেন, "নবম সংসদে প্রথম প্রবর্তন হলেও 'না' ভোটে ব্যাপক সাড়া পাওয়া গেছে। যারা প্রার্র্থী মনোনয়ন দেন তাদেরকেও এখন ভালো প্রার্থী মনোনয়ন দেওয়ার তাগিদ থাকবে।" নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব ফরহাদ আহম্মদ খান বলেন, "অতীতের নির্বাচনগুলোতে প্রার্থী পছন্দ না হওয়ার কারণে যারা ভোট দিতে কেন্দ্রে আসতেন না, তাদের একটি বড় অংশ এবার কেন্দ্রে এসেছেন এবং 'না' ভোট দিয়েছেন।" সোমবার রাতে নির্বাচন কমিশন জানায়, ২৯৯টি আসনেই 'না' ভোট পড়েছে। মোট ৮ কোটি ১০ লাখ ৫৮ হাজার ৬৯৮ জন ভোটারের মধ্যে পৌণে ৪ লাখ ভোটার 'না' ভোট দেয়। যা মোট ভোটের শতকরা দশমিক ৪৬ ভাগ। তবে গড়ে প্রতিটি আসনে ১২শ'র বেশি 'না' ভোট পড়ে। ঢাকা জেলার কয়েকটি আসনেও উল্লেখযোগ্য সংখ্যক 'না' ভোট পড়েছে। ঢাকা নগরীর প্রায় সব আসনেই ভোট সংখ্যার বিচারে 'না' তৃতীয় স্থানে রয়েছে। ঢাকা-৫ আসনে ৫ হাজার ৯৩টি, ঢাকা-৬ আসনে ৪ হাজার ৪৫৯টি, ঢাকা-৮ আসনে ৫ হাজার ৪৮১টি, ঢাকা-৯ আসনে ৪ হাজার ৬৬৮টি, ঢাকা-১০ আসনে ৫ হাজার ৬৮৭টি, ঢাকা-১২ আসনে ৫ হাজার ৫৫৬টি, ঢাকা-১৩ আসনে ৮ হাজার ৬০৮টি, ঢাকা-১৪ আসনে ৭ হাজার ৮২৪টি, ঢাকা-১৫ আসনে ৫ হাজার ২৯৮টি, ঢাকা-১৬ আসনে ৪ হাজার ৮৭৮টি, ঢাকা-১৭ আসনে ৬ হাজার ২১৩টি এবং ঢাকা-১৮ আসনে ৬ হাজার ২৮৯টি 'না' ভোট পড়েছে। চূড়ান্ত বেসরকারি ফলাফলে দেখা যায়, বিভাগ ওয়ারী হিসেবে ঢাকা বিভাগে দেড়লাখ, রাজশাহী বিভাগে ৮১ হাজার, চট্টগ্রাম বিভাগে ৮০ হাজার, খুলনা বিভাগে ৩৫ হাজার, সিলেট বিভাগে সাড়ে ১৫ হাজার ও বরিশাল বিভাগে সাড়ে ৯ হাজার 'না' ভোট পড়েছে। ঢাকায় আলাউদ্দিন নামের এক ভোটার সোমবার তার ভোট দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যোগ্য প্রার্থী না পাওয়ায় 'না' ভোট দিয়েছেন তিনি। রাঙামাটি আসনে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির বিরোধী 'ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট' (ইউপিডিএফ) নির্বাচনে এ আসনে 'না ভোটের পক্ষে প্রচারণা চালায়। রাঙামাটিতে মোট ভোটার ছিল ৩ লাখ ৩১ হাজার ৮১২ জন। অর্থাৎ এ আসনে মোট ভোটের প্রায় ১০ শতাংশ 'না' ভোট দিয়েছেন। সবচেয়ে কম 'না' ভোট পড়েছে নোয়াখালী-৬ আসনে। এই আসনে মাত্র ১১৪টি 'না' ভোট পড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচসি/এজে/এমআই/২১৪১ ঘ.