২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার আশাবাদ হাসিনার

বিরোধীদলসহ সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার আশাবাদ জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সন্ধ্যায় সুধাসদনে শেখ হাসিনার সঙ্গে জাতিসংঘের নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের এক বৈঠকের পর দলের নির্বাচন পরিচালনা কর্মকর্তা এইচ টি ইমাম সাংবাদিকদের এ কথা জানান। বৈঠক শেষে সুধাসদনের বাইরে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2008, 02:54 PM

Updated : 26 Aug 2022, 02:53 PM

ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বিরোধীদলসহ সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার আশাবাদ জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সন্ধ্যায় সুধাসদনে শেখ হাসিনার সঙ্গে জাতিসংঘের নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের এক বৈঠকের পর দলের নির্বাচন পরিচালনা কর্মকর্তা এইচ টি ইমাম সাংবাদিকদের এ কথা জানান। বৈঠক শেষে সুধাসদনের বাইরে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি। বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে এইচ টি ইমাম বলেন, "তারা (প্রতিনিধি দল) জানতে চেয়েছেন সরকার গঠনের পর নেত্রী (শেখ হাসিনা) কি কি করবেন। জবাবে আমাদের নেত্রী বলেছেন, দেশের অগ্রগতি ও গণতন্ত্রকে শক্তিশালী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিরেধীদলসহ সবাইকে নিয়ে আমরা কাজ করতে চাই।" আওয়ামী লীগের এ নেতা জানান, জাতিসংঘের পর্যবেক্ষক দল এবারের নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তারা মনে করেন এবারের এই নির্বাচন সুন্দর, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হয়েছে। এইচটি ইমাম আরো বলেন, "উপজেলা নির্বাচন হবে কি না শেখ হাসিনার কাছে জানতে চেয়েছেন প্রতিনিধিরা। তাদের এই প্রশ্নের জবাবে নেত্রী বলেছেন, উপজেলা নির্বাচন অবশ্যই হবে, যথাসময়েই হবে। কারণ আওয়ামী লীগ ক্ষমতার বিকেন্দ্রীকরণ চায়।" তবে উপজেলা নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের তারিখ পেছানোর জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, "বিভিন্ন উপজেলা থেকে আমাদের কাছে এ ব্যাপারে অনুরোধ এসেছে। আমরাও নির্বাচন কমিশনকে একই অনুরোধ করেছি।" যতদ্রুত সম্ভব সরকার গঠনের জন্য নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশ করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি। ১২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ নির্বাচন বিষয়ক উচ্চপর্যায়ের কমিটির প্রধান ফ্রান্সিস ভেনড্রেল। প্রতিনিধি দলে আরো ছিলেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত হাওয়ার্ড বি শেফারসহ নির্বাচন পর্যবেক্ষক সংস্থা এনডিআই, আইআরআই ও জাতিসংঘ প্রতিনিধিরা। এরপর গোজি সাকামোতোর নেতৃত্বে জাপানি নির্বাচন পর্যবেক্ষকদের আট সদস্যের একটি দল আওয়ামী লীগ সভানেত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। ঢাকায় নিযুক্ত জাপানী রাষ্ট্রদূত মাসাইকো ইনো তাদের সঙ্গে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/টিএইচ/এসকে/২০৩৩ঘ.