২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ফলাফল প্রত্যাখান করেছেন বিএনপি'র মাহবুবুর রহমান

দিনাজপুর-২ (বিরল-বোঁচাগঞ্জ) আসনে পরাজিত চারদলীয় জোটের প্রার্থী বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনা প্রধান অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাহবুবুর রহমান তার আসনের নির্বাচনী ফলাফল প্রত্যাখান করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2008, 02:23 PM

Updated : 26 Aug 2022, 02:53 PM

দিনাজপুর, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিনাজপুর-২ (বিরল-বোঁচাগঞ্জ) আসনে পরাজিত চারদলীয় জোটের প্রার্থী বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনা প্রধান অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাহবুবুর রহমান তার আসনের নির্বাচনী ফলাফল প্রত্যাখান করেছেন। তিনি দাবি করেন, "নির্বাচনে আমাকে হারিয়ে দেওয়া হয়েছে। কারচুপির মাধ্যমে আমার নিশ্চিত বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। এ কারচুপির সঙ্গে প্রশাসন, নির্বাচনী কর্মকর্তা ও আমার প্রতিপক্ষের সংশ্লিষ্টতা রয়েছে।" মঙ্গলবার বিকেল ৫ টায় দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে মাহবুবুর রহমান এ দাবি করেন। দিনাজপুর-২ আসনে এক লাখ ৩৮ হাজার ১৫২ ভোট পেয়ে জয়ী হয়েছেন মহাজোটের প্রার্থী আওয়ামী লীগের খালিদ মাহমুদ চৌধুরী। মাহবুবুর রহমান পেয়েছেন ৮৯ হাজার ৪১৯ ভোট। ২০০১ সালের নির্বাচনে মাহবুবুর রহমান এ আসনে জয়ী হয়েছিলেন। সংবাদ সম্মেলনে মাহবুবুর রহমান অভিযোগ করেন, "গোটা দেশেই ইলেকশন ইঞ্জিনিয়ারিং-এর মাধ্যমে চারদলীয় জোটকে পরাজিত করা হয়েছে। দিনাজপুর-২ আসনে আমি এর ভিকটিম।" বিএনপি নেতা অভিযোগ করেন, নির্বাচনের ২/৩ দিন আগে ভোট কেনা হয়েছে। কেনা হয়েছে প্রিসাইডিং অফিসার ও পোলিং এজেন্টদের। ভোট চলাকালে আমার এজেন্টদের কোথাও কোথাও ভয় দেখিয়ে, কোথাও টাকার দিয়ে নির্বাচনী বুথ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।" বোঁচাগঞ্জ উপজেলার কয়েকটি কেন্দ্রে দুপুর ১২ টার মধ্যেই ৯৫ শতাংশ ভোট পড়ার বিয়য়টিকে অস্বাভাবিক বলে অভিযোগ করেন তিনি। মাহবুবুর রহমান বলেন, "আমি কেন্দ্রে পৌছানোর আগেই ওইসব কেন্দ্রে ভোটদান শেষ করা হয়। এটা কিভাবে সম্ভব?" তাৎক্ষণিকভাবে এ বিষয়গুলি তিনি সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তা ও প্রশাসনকে জানিয়েছেন বলেও দাবি করেন। সংবাদ সম্মেলনে বোঁচাগঞ্জ উপজেলা বিএনপি'র সভাপতি আব্দুল মোমিন সরকারসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১০ ঘ.