২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

৮০ শতাংশ ভোট পড়েছে

গত আটটি সংসদের সব রেকর্ড ছাড়িয়ে এবার মোট ভোটারের প্রায় ৮০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। রাত চারটা পর্যন্ত দেড়শ' নির্বাচনী এলাকার ফলাফল ঘোষণাকালে নির্বাচন কমিশন সচিব এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2008, 05:53 AM

Updated : 26 Aug 2022, 02:53 PM

ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত আটটি সংসদের সব রেকর্ড ছাড়িয়ে এবার মোট ভোটারের প্রায় ৮০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। রাত চারটা পর্যন্ত দেড়শ' নির্বাচনী এলাকার ফলাফল ঘোষণাকালে নির্বাচন কমিশন সচিব এ তথ্য জানান। সচিব মুহম্মদ হুমায়ুন কবির বলেন, ''এবারের নির্বাচনে প্রদত্ত ভোটের হার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে। এ পর্যন্ত ভোট পড়ার গড় ৮০ শতাংশে রয়েছে। এই হার বেশিও হতে পারে।'' গত আটটি সংসদে সর্বোচ্চ ভোট পড়ে ১৯৯৬ সালের ১২ জুনের নির্বাচনে, ৭৫ দশমিক ৬০ শতাংশ। গত চার আগস্ট অনুষ্ঠিত সিটি ও পৌর নির্বাচনে ৭৯ শতাংশ ভোট পড়েছে। সোমবার নির্বাচনের দিন সকালে সিইসি এটিএম শামসুল হুদা আশা প্রকাশ করেন, এবার ৭৫ শতাংশ ভোট পড়বে। রোববার জাতির উদ্দেশে ভাষণে তিনি সব ভোটারকে ভোটাধিকার প্রয়োগের আমন্ত্রণ জানিয়ে বলেন, "এবার সবাই ভোটদানে অংশ নিয়ে রেকর্ড সৃষ্টি করুন।" ইসি সচিবালয়ের যুগ্মসচিব রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিটি ও পৌর নির্বাচনের মতোই এবার জাতীয় নির্বাচনে ভোটারের উপস্থিতি ছিল। কোথাও কোথাও ৯০ শতাংশও ছাড়িয়ে গেছে। তিনি জানান, চাপাইনবাবগঞ্জ-১ আসনে ৯৩.২০ শতাংশ, চট্টগ্রাম-১৪ আসনে ৮৭.১৩ শতাংশ, ভোলা-১ আসনে ৭৭.৪৮ শতাংশ, হবিগঞ্জ-২ আসনে ৮৫.০৭ শতাংশ, জামালপুর-৪ আসনে ৮৯.০৮ শতাংশ, রংপুর-৫ আসনে ৯০.৬৬ শতাংশ ভোট পড়েছে। একই ধরনের চিত্র হতে পারে সর্বত্র। ইসির সিনিয়র সহকারি সচিব ফরহাদ আহম্মদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এবার তরুণ ও নারী ভোটারের উপস্থিতি ছিল বেশি। ১৯৭৩ সালের ৭ মার্চে অনুষ্ঠিত প্রথম সংসদে ৫৪.৯০ ভোট পড়ে। এরপর পর্যায়ক্রমে ৫০.৯৪, ৬০.৩১ শতাংশ, ৫৪.৯৩ শতাংশ, ৫৫.৯৫ শতাংশ, ২৬.৭৪ শতাংশ, ৭৫.৬০ এবং অষ্টম সংসদে প্রদত্ত ভোটের হার ৭৫.৫৯ শতাংশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমএইচবি/১১৪১ ঘ.