ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনে চারদলীয় জোটের অন্যতম শরিক ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর ভরাডুবি হয়েছে।
সোমবার অনুষ্ঠিত নির্বাচনে দলটি মাত্র দুটি আসন পেয়েছে। গত নির্বাচনে তারা পেয়েছিল ১৭টি আসন ।
শুধু চট্টগ্রাম-১৪ (সাতকানিয়া) আসনটি জামায়াত পেয়েছে। এ আসনে জিতেছেন জামায়াতের আ ন ম শামশুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি'র সাবেক নেতা বর্তমানে এলডিপি নেতা অলি আহমদ।
এছাড়া, কক্সবাজার-২ আসনে জামায়াতের হামিদুর রহমান আজাদ জিতেছেন। এখানে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের আনসারুল করিম।
৭১ এর মুক্তিযুদ্ধে অসংখ্য মুক্তিযোদ্ধা ও বুদ্ধিজীবী হত্যার জন্য কুখ্যাত আল বদর বাহিনীর প্রধান জামায়াতের আমির সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামী, বদর বাহিনীর কমান্ডার সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদ, রাজাকার দেলাওয়ার হোসেন সাঈদীসহ জামায়াতের অন্য সব প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে মহাজোট প্রার্থীদের কাছে পরাজিত হয়েছেন।
নির্বাচনে চারদলীয় জোটভুক্ত হয়ে জামায়াত প্রার্থীরা ৩৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। এদের মধ্যে নিজামী পাবনা-১, মুজাহিদ ফরিদপুর-৩, দলের সহকারি সেক্রেটারি জেনারেল এম কামারুজ্জামান শেরপুর-৩, এ টি এম আজহারুল ইসলাম রংপুর-২, মাওলানা আবদুস সুবহান পাবনা-৫, মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী পিরোজপুর-১, ছাত্র শিবিরের সাবেক সভাপতি সৈয়দ আবদুল্লাহ মো. তাহের কুমিল্লা-১১ এবং ঢাকা মহানগর সেক্রেটারি হামিদুর রহমান আজাদ কক্সবাজার-২ আসন থেকে নির্বাচন করেন।
এবার সেক্টর কমান্ডার্স ফোরাম ও সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন নাগরিক সংগঠন জামায়াতকে ভোট না দেওয়ার জন্য জেলায় জেলায় প্রচারণা চালায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এফএইচবি/জিএনএ/০৬৪০ ঘ.
bdnews24