ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম সংসদ নির্বাচনের ফলাফল জয়ী ও পরাজিত- সবাই মেনে নেবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বলেছেন, "বর্তমান সরকার একটি লক্ষ্যের দ্বারপ্রান্তে আছে। খুব শিগগির ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শেষ হবে।"
সোমবার সকালে ১০টার দিকে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের কাছে এ আশাবাদ জানান তিনি।
এ কেন্দ্রে প্রায় একই সময়ে সস্ত্রীক ভোট দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা।
প্রধান উপদেষ্টা সাংবাদিকদের বলেন, "সুষ্ঠুভাবে সকাল থেকেই সারাদেশে ভোটগ্রহণ চলছে। দুই বছর ধরে আমরা এ দিনটির জন্য অপেক্ষা করছিলাম। এই দিনে ভোট দিতে পেরে আমি খুব খুশি।"
নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, "আমরা কামনা করছি, এই নির্বাচনের মধ্য দিয়ে দেশে সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হবে। দারিদ্র্য ও ক্ষুধামুক্ত বাংলাদেশ সৃষ্টি হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এজে/এমএইচবি/১১৫৭ ঘ.
bdnews24