২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দিনবদলের নৌকায় বিপুল প্রত্যাশার ভার

২৬২টি আসনে জিতে ১৯৭০'র নির্বাচনের পর ঐতিহাসিক জয় পেয়েছে শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট। বিস্তারিত জানাচ্ছেন ফারুক হোসেন বাদল। বেসরকারিভাবে ঘোষিত ফল অনুযায়ী নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে স্বাধীনতাযুদ্ধে নেতৃত্বদানকারী আওয়ামী লীগের নৌকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2008, 04:25 AM

Updated : 26 Aug 2022, 02:53 PM

ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৬২টি আসনে জিতে ১৯৭০'র নির্বাচনের পর ঐতিহাসিক জয় পেয়েছে শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট। বিস্তারিত জানাচ্ছেন ফারুক হোসেন বাদল। বেসরকারিভাবে ঘোষিত ফল অনুযায়ী নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে স্বাধীনতাযুদ্ধে নেতৃত্বদানকারী আওয়ামী লীগের নৌকা। নির্বাচনপূর্ব বিভিন্ন 'পূর্বাভাস' বিস্ময়করভাবে পাল্টে দিয়ে আওয়ামী লীগের 'দিনবদলের' পক্ষে অভূতপূর্ব সাড়া দিয়েছে ভোটাররা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে ইচ্ছে করলে তারা সংবিধান সংশোধন করতে পারবে। সোমবার অনুষ্ঠিত নির্বাচনে বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের নৌকা জিতেছে ২৩০টি আসন। মহাজোটের প্রধান শরিক সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের জাতীয় পার্টির লাঙ্গল পেয়েছে ২৭টি আসন। এছাড়া মহাজোটের অন্য শরিক জাসদ ৩টি এবং ওয়ার্কাস পার্টি ২টি আসনে জয়ী হয়েছে। নির্বাচনে ভরাডুবি হয়েছে ২০০১ সালের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করা বিএনপি-জামায়াত জোটের। সবচেয়ে বেশি সময় বাংলাদেশ শাসন করা বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় ঐক্যজোট জিতেছে মাত্র ৩২টি আসনে। তাদের প্রধান শরিক জামায়াতে ইসলামী জিতেছে মাত্র দুটি আসনে। একটি আসন জিতেছে বিজেপি। অন্য শরিকরা কোনো আসনে জিততে পারেনি। এবারের নির্বাচনে বিএনপি ছেড়ে এলডিপি গঠন করা অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ নিজে একটি আসনে বিজয়ী হয়েছেন। স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন মাত্র চারটি আসনে। এদের তিনজন আওয়ামী লীগের বিদ্রোহী এবং একজন বিএনপি বিদ্রোহী। ৩২টি স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক গ্র"পের জোট 'ইলেকশন ওয়ার্কিং গ্র"প' (ইডব্লিউজি) সোমবার অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনকে 'সার্বিকভাবে সন্তোষজনক' আখ্যায়িত করেছে। সারাদেশে এবার ভোটার উপস্থিতির হারও ছিল অন্যান্য বারের তুলনায় অনেক বেশি। মোট ভোটারের ৮০ শতাংশের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। পরাজিত বিএনপি ৭২ আসনের ২২০ এর কেন্দ্রে নির্বাচনে অনিয়মের অভিযোগ করেছে। সেনা, পুলিশ ও র‌্যাবের বিরুদ্ধে কোনো কোনো জায়গায় পক্ষপাতিত্বের অভযোগ তুলেছে দলটি। সোমবার রাতে গুলশান-১ দলীয় কার্যালয়ে বিএনপির দপ্তর সম্পাদক রিজভী আহমেদ সাংবাদিকদের বলেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে মঙ্গলবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে তারা। নির্বাচনে বিজয় নিশ্চিত হওয়ার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক নূহ-উল-আলম লেনিন দেশবাসীকে অগ্রিম অভিনন্দন জানিয়ে বলেছেন, "ভোটের ফলাফলের প্রবণতা দেখে মনে হচ্ছে জনগণ দুঃশাসনের অবসান চেয়েছে, চেয়েছে পরিবর্তন।" তবে চূড়ান্ত ফলাফল ঘোষিত না হওয়া পর্যন্ত নেতা-কর্মী এবং সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। তিনি দলীয় নেতাকর্মীদের কোনো ধরনের মিছিল না করার নির্দেশ দিয়েছেন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা নিজের তিনটি আসনেই জিতেছেন। তার আসনগুলো হলো: গোপালগঞ্জ-৩, বাগেরহাট-২ এবং রংপুর-৬। একই সঙ্গে দলটির বড় কোনো নেতা পরাজিত হননি। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বরাবরের মতো প্রত্যেকটি আসনে জিতেছেন। আসনগুলো হলো- ফেনী-১, বগুড়া-৬ এবং বগুড়া-৭। মহাজোটের প্রধান শরিক জাতীয় পার্টির প্রধান সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদও তিনটি আসনে জিতেছেন। আসনগুলো: রংপুর-৩, কুড়িগ্রাম-২ এবং ঢাকা-১৭। মাহজোটের আরেক শরিক জাসদের হাসানুল হক ইনু নৌকা প্রতীক নিয়ে লড়াই করে কুষ্টিয়া-২ আসনে বিজয়ী হয়ে প্রথমবারের মতো সাংসদ নির্বাচিত হয়েছেন। নৌকা জিতেছেন জাসদ নেতা মঈনউদ্দীন খান বাদল। এছাড়া জাসদ থেকে ব্রাক্ষ্মনণবাড়িয়া-৫ আসনে জিতেছেন শাহ জিকরুল আহমেদ। নৌকা নিয়ে লড়াই করে ভোটে জিতেছেন বামপন্থী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। জামায়াত মাত্র দুটি আসন পেয়েছে। চট্টগ্রাম-১৪ (সাতকানিয়া) আসনে আ ন ম সামশুল ইসলাম ও কক্সবাজার-২ আসনে হামিদুর রহমান আজাদ বাদে হেরেছেন জামায়াতের সব গুরুত্বপূর্ণ নেতারা। এদের মধ্যে আছেন দলীয় আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদ এবং দেলওয়ার হোসেন সাঈদী। বিএনপি'র পরাজিত প্রার্থীদের মধ্যে আছেন সাবেক অর্থ মন্ত্রী এম সাইফুর রহমান, বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন, মেজর হাফিজ এবং স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দন সরকার। বলা হয়ে থাকে, সিলেট-১ আসনে যে দলের প্রার্থী নির্বাচিত হয়, সেই দলই সরকার গঠন করে। ব্যতিক্রম হয়নি এবারও। এই আসনে মহাজোটের এ এম এ মুহিতের কাছে হেরে গেছেন সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। বিএনপি ও জাতীয় পার্টি - উভয় দলেরই সাবেক মন্ত্রী মওদুদ আহমেদ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে হেরে গেছেন। নোয়াখালী-৫ আসনে তাদের ভোটের ব্যবধান ছিল প্রায় এক হাজার। পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী মোজাহারুল হক প্রধানের কাছে হেরে গেছেন স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার। যদিও নতুন নির্বাচিত সাংসদদের শপথগ্রহণ আয়োজনের দায়িত্ব তারই উপরে রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, ইসলামী ঐক্যজোটের প্রধান ফজলুল হক আমিনী, সাবেক বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভুইয়া- প্রত্যেকেই তাদের প্রতিদ্বন্দ্বী মহাজোটের প্রার্থীদের কাছে হেরেছেন। এই তালিকায় রয়েছেন আরো অনেকেই। রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, বিএনপি সরকারের সাবেক মন্ত্রী হারুনুর রশীদ খান মুন্নু (মানিকগঞ্জ থেকে), জোট সরকারের সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু (লালমনিরহাট থেকে)-সবাই মহাঐক্যজোটের প্রার্থীদের কাছে আসন খুইয়েছেন। সাবেক মন্ত্রী আব্দুল মঈন খান হারিয়েছেন তার নরসিংদি-২ আসনটি। সাবেক স্বরাষ্ট্র, পরে বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী হারিয়েছেন তার পটুয়াখালী-১ আসন। বিএনপির টিকিটে নির্বাচন করে হেরেছেন সাবেক সেনা প্রধান অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাহবুবুর রহমান। সাবেক ফার্স্ট লেডি রওশন এরশাদ তার দুটি নির্বাচনী আসনই আওয়ামী লীগ প্রার্থীদের কাছে হারিয়েছেন। তিনি আওয়ামী লীগের ফজলে রাব্বির কাছে গাইবান্ধা-৫ ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ মতিউর রহমানের কাছে ময়মনসিংহ-৪ আসন দুটি হারান। ইতিহাসের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন নির্বাচনে বিএনপি-জামায়াতের এই ভরাডুবির পেছনে প্রধান কারণ হিসেবে মনে করছেন, চারদলীয় জোট সরকারের আমলে জনগণের ভোগান্তি। এর মধ্যে অন্যতম ছিল দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং সুশাসনের অভাব। তাছাড়া বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে জনগণ সাবেক জোট সরকারের স