ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিভাগের ১৬ জেলার ৭২টি আসনের সবগুলোর বেসরকারি ফলাফলে মহাজোট জয়ী হয়েছে ৬৩টি আসনে। আর চারদলীয় জোট পেয়েছে ৮টি আসন।
এই ১৬ জেলার মধ্যে ১২টি- পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটো ও পাবনার সব আসন জিতে নিয়েছে মহাজোট। অন্যদিকে কেবল দুই আসনের জেলা জয়পুরহাটেই নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি। পুরো বিভাগের কোনো আসনেই চার দলীয় জোটোর আরেক শরিক দল জামায়াতে ইসলামী জয় পায়নি।
এ বিভাগে আওয়ামী লীগ মোট ৪৮টি, জাতীয় পাটি ১৪টি, ওয়ার্কার্স পার্টি একটি, বিএনপি ৮টি এবং একটি আসনে স্বতন্ত্র আসনে বিজয়ী হয়েছে।
জয়ের দেখা পাওয়া একমাত্র স্বতন্ত্র প্রার্থী হলেন- নওগাঁ-৪ আসনের ইমাজউদ্দীন প্রামাণিক। এই আওয়ামী লীগ নেতা মহাজোটের মনোনয়ন না পেয়ে 'কলস' প্রতীক নিয়ে নির্বাচন করে পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৫৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সামসুল আলম প্রামাণিক পেয়েছেন ৯২ হাজার ৮১৯ ভোট।
রাজশাহী বিভাগের ৬ প্রভাবশালী প্রার্থীর মধ্যে ৪ জনই হেরেছেন।
চারদলের টিকেটে পঞ্চগড়-১ আসনে নির্বাচনে অংশ নিয়ে জাতীয় সংসদের স্পিকার জমিরউদ্দিন সরকার পরাজিত হয়েছেন আওয়ামী লীগের মাজহারুল হক প্রধানের কাছে। এ আসনে মাজহারুল পেয়েছেন ১ লাখ ৫৬ হাজার ৫৫০ ভোট। জমিরউদ্দিন সরকার পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৭২৬ ভোট।
পাবনা-১ আসনে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে পেছনে ফেলে আসন জিতে নিয়েছেন আওয়ামী লীগের শামসুল আলম টুকু। নিজামীর পাওয়া ১ লাখ ২২ হাজার ৯৪৪ ভোটের বিপরীতে টুকু পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ১২ ভোট।
গাইবান্ধা-৫ আসনে জাতীয় পার্টির রওশন এরশাদ পরাজিত হয়েছেন আওয়ামী লীগের ফজলে রাব্বী মিয়ার কাছে। ফজলে রাব্বী পেয়েছেন ৯৮ হাজার ৪৬৯ ভোট; আর রওশন ৯৪ হাজার ১৪৩ ভোট।
রাজশাহী-২ আসনে বিএনপির প্রার্থী রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু পরাজিত হয়েছেন মহাজোটের প্রার্থী ফজলে হোসেন বাদশার কাছে। এ আসনে বাদশা পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৫৯৯ ভোট। মিনু পেয়েছেন ৮৯ হাজার ৫০ ভোট।
এ বিভাগে প্রভাবশালীদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও সাবেক রাষ্ট্রপতি এরশাদ বিজয়ী হয়েছেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বগুড়া- ৬ ও ৭ আসনে বিজয়ী হয়েছেন যথক্রমে ১ লাখ ৯৩ হাজার ৭৯২ ভোট এবং ২ লাখ ৩২ হাজার ৭৬১ ভোট পেয়ে। এ দুই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মমতাজ উদ্দিন পেয়েছেন ৭৪ হাজার ৬৩৪ ভোট এবং জাতীয় পার্টির মুহম্মদ আলতাফ আলী পেয়েছেন ৯২ হাজার ৮৩৩ ভোট।
আর জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদ রংপুর-৩ আসনে ২ লাখ ৩৯ হাজার ৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আব্দুল কাইয়ুম মণ্ডল পেয়েছেন ১৯ হাজার ৬৪০ ভোট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/জেকে/এমএইচবি/০৮৩৯ ঘ.
bdnews24