২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে ঢাকা ফাঁকা

নির্বাচনের দিন সোমবার রাজধানী ঢাকা শহর অনেকটাই ফাঁকা। রাস্তাঘাটে যানবাহন একদমই কম। নিয়মিত গণপরিবহন চলছে অল্প সংখ্যায়। যা চলছে তাতেও যাত্রী কম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2008, 09:09 AM

Updated : 26 Apr 2022, 01:50 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- নির্বাচনের দিন সোমবার রাজধানী ঢাকা শহর অনেকটাই ফাঁকা। রাস্তাঘাটে যানবাহন একদমই কম। নিয়মিত গণপরিবহন চলছে অল্প সংখ্যায়। যা চলছে তাতেও যাত্রী কম। ভোটের জন্য ঘোষিত ছুটি আর বহুলোকের ভোট দিতে নগর ত্যাগ এ দুই কারণ রাজধানীর এ ভিন্ন চেহারার জন্ম দিয়েছে। বহুদিন পর রাজপথে রিকশার অবাধ চলাচলে অনেকেই খুশি। রিকশা চলাচল নিষিদ্ধ এমন সব প্রধান সড়কেও দুরন্ত গতিতে ছুটছে রিকশা। অনেকদিন পর রাজধানীর রাস্তায় কিশোরদের দলবেধে খেলতেও দেখা গেছে। সকাল এগারোটার দিকে খিলগাঁও এলাকায় মালিবাগ-সায়েদাবাদ সড়কে এমনি একদল কিশোর ক্রিকেট খেলছিল রাস্তার মাঝখানে। এ দৃশ্য দেখে অনেকেরই হয়তো হরতালের দিনের কথা মনে পড়েছে। ভোটকে কেন্দ্র করে বিপণি বিতানগুলো তো বটেই সকালের দিকে বেশিরভাগ দোকানপাটও ছিল বন্ধ। ওদিকে, ঢাকা ফাঁকা হলেও ভিড়হীন বাজারেও সবজি তরিতরকারির দাম ছিল চড়া। শ্যামলীর গৃহকর্মী নাজির আহমেদ জানান, স্থানীয় কাঁচাবাজারে গিয়ে আগের দিনের ১৬ টাকায় কেনা শিম ৪০ টাকায় কিনতে হয়েছে তাকে। ৮ টাকার কপির দাম পড়েছে ২০ টাকা। হাতিরপুল বাজারের কাঁচামালের দোকানি ইয়াসিন বলেন, "সবজির চালান কম। দোকানকর্মী ও ব্যবসায়ীরা ভোট দিতে বাড়ি চলে গেছেন। ঢাকার বাইরে থেকে সবজির ট্রাকের চালান না আসায় যোগানও কম।" এছাড়া, রাজধানী থেকে দূরপাল্লার যানবাহন ছেড়ে যাওয়ায় কোনো নিষেধ না থাকলেও সকালের দিকে খুব কম গাড়িই ঢাকা ছেড়ে গেছে। সকাল ১১টার দিকে গিয়ে সায়েদাবাদ বাসস্ট্যান্ড পাওয়া যায় ফাঁকা। চট্টগ্রামগামী আজমির পরিবহনের এক সহকারী জানান আধঘন্টা দাঁড়িয়ে মাত্র ৮/৯ জন যাত্রী পেয়েছেন তারা। অন্যদিকে রাজধানী এবং এর আশপাশের শ্রমিক অঞ্চলগুলোতেও ছিল পুরোপুরি ছুটির আমেজ। ছোট-বড় অনেক কল-কারখানার জন্য বিখ্যাত শ্যামপুরের প্রায় সব কারখানাই ছিল বন্ধ। সেখানকার শ্রমিকরা ভোট দিতে যাওয়া-আসার ফাঁকে ফাঁকে অবসর কাটাচ্ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএমটি/এসকে/১৬৩২ঘ.