২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নম্বর জটিলতায় ভোটারদের হয়রানি

ভোটার তালিকার ক্রমিক নম্বর নিয়ে বিভ্রান্তিতে ভোট দিতে এসে সমস্যায় পড়ছেন অসংখ্য ভোটার। রাজধানী ঢাকাসহ দেশের বেশ কয়েকটি স্থানে এ নিয়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2008, 09:08 AM

Updated : 26 Aug 2022, 02:52 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোটার তালিকার ক্রমিক নম্বর নিয়ে বিভ্রান্তিতে ভোট দিতে এসে সমস্যায় পড়ছেন অসংখ্য ভোটার। রাজধানী ঢাকাসহ দেশের বেশ কয়েকটি স্থানে এ নিয়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। (আরো তথ্যসহ) রাজধানীর তেজগাঁও ও নারায়ণগঞ্জের একটি কেন্দ্রে বিক্ষোভও করেছেন ভোটাররা। বরাবরের মতোই এবারও প্রার্থীদের পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে স্লিপের মাধ্যমে ভোটার নম্বর জানিয়ে দেওয়া হয়েছে। ভোট কেন্দ্রের বাইরে অপেক্ষমান দলীয় কর্মীরাও জানিয়ে দিচ্ছেন ভোটার নম্বর। কিন্তু কেন্দ্রে গিয়ে অনেক ভোটারই দেখছেন ওই নম্বর মিলছে না। এছাড়া অনেক ভোটার না জেনে জাতীয় পরিচয়পত্রের নম্বরকেই ভোটার ক্রমিক নম্বর ভেবে উপস্থিত হচ্ছেন কেন্দ্রে, ফলে তালিকায় নিজেদের নাম খুঁজে পাচ্ছেন না তারাও। রাজধানীর তেজগাঁও এলাকার ইন্সটিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজ কেন্দ্রে কয়েকশ ভোটার তালিকায় নাম না পেয়ে ভোট দিতে না পেরে বিক্ষোভ করেন। তারা তাদের জাতীয় পরিচয়পত্র তুলে ধরে 'ভুয়া ভুয়া' বলে বিদ্রুপধ্বনি করেন। এলাকার ভোটার ১৮/৩ মধ্য বেগুনবাড়ির বাসিন্দা মোসাম্মত তাহমিনা (ভোটার নম্বর ২৬৯৯২৩৭৫৮০১৯৫ ) ও ৭১/১ কুনিপাড়ার বাসিন্দা মো: মহব্বত আলী (ভোটার নম্বর ২৬৯৯২৩৭১০৮৮৭৬) বেলা প্রায় চারটায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা সকাল থেকে এ কেন্দ্র ও কেন্দ্র ঘুরছেন কিন্তু নিজেদের নাম পাচ্ছেন না। এলাকার তিনটি কেন্দ্রের অনেক ভোটার অনুরূপ অভিজ্ঞতার শিকার। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো: আরিফুল ইসলাম বলেন, " নির্বাচন কমিশন আমাদের যে তালিকা দিয়েছে তাতে কারো নাম না থাকলে আমাদের কিছু করার নেই। নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের নারায়ণগঞ্জ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রের ভোটাররা অভিযোগ করেন, প্রার্থীদের দেওয়া ভোটার স্লিপ ও তাদের সঙ্গে নেওয়া জাতীয় পরিচয়পত্রের নম্বরের সঙ্গে কেন্দ্রের ভোটার তালিকায় থাকা নম্বর মিলছে না। সেজন্য তারা ভোট দিতে পারছেন না। এ নিয়ে ভোটাররা বিক্ষোভও করেছেন সেখানে। পরে রিটার্নিং অফিসার জেলা প্রশাসক এ এম এ রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারী ভোটারদের শান্ত করেন। একই পরিস্থিতি লক্ষ্য করা গেছে ঢাকা-১২ আসনের ধানমন্ডি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কাকলী স্কুল কেন্দ্র আর ঢাকা-১৩ আসনের মোহাম্মদপুর গ্রাফিক আর্ট ইনস্টিটিউটসহ বেশ কিছু কেন্দ্রেও। ধানমন্ডি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোটার মোহাম্মদ জহিরুল ইসলাম (জাতীয় পরিচয়পত্রের নম্বর ২৬৯১৬৪৯১০৪৬৭৮) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একই কেন্দ্রে তার স্ত্রী ভোট দিতে পারলেও ক্রমিক নম্বর জটিলতায় ভোটার তালিকায় তার নাম খুঁজে পাওয়া যায়নি। ফলে কয়েক ঘন্টা অপেক্ষা করেও ভোট দিতে পারেননি তিনি। ঢাকা-১৩ আসনের মোহাম্মদপুর পশ্চিম কাটাসুর (সড়ক-১, বাড়ি এলসি-২) এলাকার বাসিন্দা ও একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা নাহিদ আক্তার দীপা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি ইন্টারনেট থেকে আমার ভোটার নম্বর বের করেছি। পাশাপাশি আমার বাসায় এসে যারা ভোটার নম্বর দিয়ে গেছে সেই নম্বরও একই। কিন্তু আমি এখানে ভোট দিতে এসে দেখি ভোটার তালিকায় এ ধরনের কোন নম্বর নেই। আমি প্রায় দুই ঘন্টা যাবৎ ঘোরাঘুরি করছি।" জাতীয় পরিচয়পত্র নিয়ে দীপার মতো কয়েক ঘন্টা চেষ্টার পর অনেক ভোটারকেই এই আসনের ১, ২ ও ৩ নম্বর ভোট কেন্দ্র থেকে ফিরে যেতে দেখা গেছে। ওই তিনটি ভোট কেন্দ্র একই জায়গায় (মোহাম্মদপুর গ্রাফিক আর্ট ইনস্টিটিউট) হওয়ার কারণেই মূলত এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি করেন তিন নম্বর কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জামাল হোসেন। তিনি বলেন, "ভোট কেন্দ্রগুলো একই বিল্ডিং এ হওয়ায় এক কেন্দ্রের ভোটার অন্য কেন্দ্রে চলে আসছে। ফলে একটু বিশৃংখল অবস্থার সৃষ্টি হয়েছে।" এ সম্পর্কে জিজ্ঞেস করা হলে প্রধান নির্বাচন শামসুল হুদা বলেন, "বিষয়টি আমিও শুনেছি। এ বিষয়ে কী ব্যবস্থা নেওয়া যায় তা দেখা হচ্ছে। তাৎক্ষণিকভাবে কী করা যায় সে ব্যাপারে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারকে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে।" আগামীতে যাতে এ ধরণের ঝামেলায় পড়তে না হয় সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। এদিকে ভোটার তালিকায় ছবি থাকার পরও অন্যজনে ভোট দিয়ে যাওয়ার অন্তত একটি অভিযোগ পাওয়া গেছে। রাজশাহী -২ আসনের একজন ভোটার অভিযোগ করেছেন তার ভোট অন্য কেউ দিয়ে গেছে। রাজশাহী সদরের মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটেছে। অভিযোগকারি ভোটার বাবুল। আর পিতা মেহের আলি। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শওকত আলির কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি ওই ভোটারকে লিখিত অভিযোগ করতে বলেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডিকে/পিসি/কেএইচএস/এসকে/১৬২৮ঘ.