২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটের উৎসবে কিছুক্ষণ

নির্বাচন হয়তো রাজনৈতিক নেতাদের জন্য যুদ্ধ, কর্মীদের জন্য মরণপন লড়াই। কিন্তু ভোটারদের জন্য এটা যে শুধু ভোটাধিকার প্রয়োগ নয়, এ যে এক দারুণ উৎসবও সেটা বেশ ভালোভাবেই বোঝা গেছে এবারের নির্বাচনে। আর 'কোই জিতা কোই হারা'র এই লড়াইয়ে সুক্ষ বা স্থুল কারচুপি আনার কোন সুযোগও থাকছে না এবার। ঢাকার বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে এসে জানাচ্ছেন মুনির রানা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2008, 09:07 AM

Updated : 26 Aug 2022, 02:52 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- মজনু মিয়া, মিরপুর এলাকার রিকশাচালক, থাকেন মনিপুরে, খুব সকালে (শীতকালে সকাল আটটায়) এসে দাঁড়িয়েছেন লাইনে। তার কেন্দ্র পড়েছে মনিপুর উচ্চ বিদ্যালয়ের বালিকা শাখায়, সঙ্গী সাথী আরও কয়েকজকে সঙ্গে নিয়ে এসেছেন। সকলেই ঠাট্টা মশকরা করছেন। খুচরা দুয়েকটা স্ল্যাংও শোনা গেলো। খেটে খাওয়া মানুষমাত্রেই সরল প্রকৃতির হবেন এমন কোন কথা নেই। কিন্তু মজনু মিয়া সেরকমই। "আমি নৌকায় দিছি।" ভোট দিয়ে বের হয়ে আসার পর তাকে জিজ্ঞেস করতেই একগাল হেসে বললেন। পাশ দিয়ে তার সতীর্থ খোঁচা দিল তাকে। চুপ করে থাকার তাগিদ। কিন্তু মজনু পরোয়া করেন না। কেন দিলেন নৌকায় জানতে চাইলে মহাজোটের প্রার্থী কামাল আহমেদ মজুমদারের নির্বাচনী পোস্টারের দিকে চোখ রেখে বললেন, "উনি তো আমাদের লোক। তাছাড়া মার্কাটাও তো নৌকা। জিনিসপত্রের দাম কমবো এই আশায়ও দিলাম। দেখা যাক।" মজনুকে তার বন্ধুরা একরকম টেনেই নিয়ে গেলো। মৃদু ভৎর্সনার জবাব সে হাসিতে উড়িয়ে দিচ্ছে। ঢাকা ১৫ আসনের এই লড়াইয়ে কামাল মজুমদারের প্রতিদ্বন্ধী ৪ জোটের হামিদুল্লাহ খান। এলাকায় কামাল মজুমদারের সুনাম দুর্নাম দুটোই আছে। হামিদুল্লাহ খানের কোনটাই নেই। তারপরও ধানের শীষের কারণে এখানে তার সমর্থক, অনুরাগী এমনকি আত্মীয়ও আছেন। সকাল ১০টা নাগাদ মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয়ে ঘিচির মিচির ভীড় লেগে গেলো। কেন্দ্রের বাইরে জটটা বেশি। এই এলাকায় ঘা ঘেঁষাঘেষি করে অনেকগুলি বিদ্যায়তন। এবং কোচিং সেন্টার। সবগুলিতেই ভোটকেন্দ্র। কসমোপলিটান, মনিপুর ক্যাডেট স্কুল, মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ইত্যাদি। সবচেয়ে বড়ো ভোট কেন্দ্রটি হচ্ছে মনিপুর উচ্চ বিদ্যালয়ের বালিকা শাখা। ৪ তলা বিশাল দালানের সবকটি শ্রেণী কক্ষেই চলছে ভোট গ্রহণের কাজ। তুমুল ব্যস্ততা। বাইরে বিভিন্ন দলের ক্যাম্প থেকে ভোটারদের স্লিপ ধরিয়ে দেয়া হচ্ছে, কে কোন স্থানে গিয়ে ভোট দেবেন তার নির্দেশনা দেওয়া হচ্ছে। ভোটারদের সহায়তার পাশাপাশি জোটের ক্যাম্প থেকে সোৎসাহে বেরিয়ে এসে কেউ কেউ মাঝে মাঝে জাপটে ধরছেন পরিচিত জনদের। অপরিচিতদের দিকে তাকিয়ে চিরপরিচিতের হাসি ঝুলিয়ে আবেদন জানাচ্ছেন 'জায়গামতো' ভোট দেওয়ার। এর বেশি বলা যাচ্ছে না আচরণবিধির কারণে। আচরণবিধি এবার নেতা নেত্রী থেকে কর্মী সবাইকেই বেশ স্পর্শ করেছে সেটা পরিস্কার। মনিপুর উচ্চ বিদ্যালয়ের বালিকা শাখা কেন্দ্রের ভিতরের দেওয়ালের বিভিন্ন জায়গায়ও নির্দেশিকা সাঁটা আছে। সেসব দেখেও অনেকে বোঝার চেষ্টা করছেন এই শত শত কক্ষের কোনটাতে গিয়ে লাইনে দাড়াবেন তিনি। তবে প্রতিটি কক্ষের সামনে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা রয়েছেন। তাদের হাতেও নির্দেশিকা রয়েছে। হাসিমুখে আন্তরিকভাবে সহযোগিতা করে চলেছেন তারা। গৎবাধা পুলিশের লোক বলে তাদের চেনার উপায় নেই। আবদুর রহমান পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। ভোট দিয়ে নেমে যাচ্ছিলেন। হাসিমুখে বললেন, "এবার সকাল সকালই ভিড় জমে গেছে। ভোটারদের খুব উৎসাহ।" একই কথা বললেন লাইনে দাড়ানো মুস্তাফিজ রহমান (অনেকে তাকে 'বড়দা'বলে ডাকেন), স্থানীয় একটি সমবায় সমিতিতে কাজ করেন, তিনিও বললেন, "আগে সাধারণত সকালবেলাটা একটু ভিড় কম থাকতো। আমাদের মতো বয়স্ক লোকরাই আগে আসতো। এবার তরুণদেরও দেখছি। " যারা আগে ভোট দিতেন না প্রার্থীদের প্রতি বীতশ্রদ্ধ হয়ে, তারাও এসেছেন না ভোট দিয়ে অশ্রদ্ধাটুকু জানাতে। ফলে লাইন আরো একটু দীর্ঘ হয়েছে- মন্তব্য করলেন একজন সাধারণ ভোটার, তার নাম জানা হয়নি। মহিলাদের আলাদা লাইন। কিন্তু এই কেন্দ্রে তুলনামূলকভাবে সেখানে ভিড়টা একটু কম। নারী ভোটারের সংখ্যাতো কম নয়। তাহলে? আসিয়া বেগম, এ বছরই ভোটার হয়েছেন, ব্যাখ্যা করে বললেন, "আমগোর তো ঘরে অনেক কাজ। সেগুলান শেষ কইরা জোহর বাদে হয়তো অনেকে আসবে।" আপনি তো আগেই এসেছেন? বলতেই একগাল লাজুক হাসি, "এবারই পয়লা ভোট দিবো তো...।" আবদুল সালাম অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। মনিপুরের স্থায়ী বাসিন্দা। তিনি নিজে শুধু নন, পুরো পরিবার ভাড়াটিয়াদেরও আগে নিয়ে আসতেন ভোটকেন্দ্রে। এবার সে উৎসাহ নেই। বয়স বেড়েছে, সেটা একটা কারণ। আর তার ধারণা, ভোট দিয়ে এবার লাভ হবে না, তার দলের লোককে জেতানো যাবে না। তার দুই ছেলে, এক জামাই সবাই এবার নৌকা। ফলে তার স্ত্রীও। এবার স্ত্রীকে ভোটকেন্দ্রে আসার ব্যাপারে একরকম নিরুৎসাহিত করেছিলেন তিনি। কিন্তু মুর্শিদা বেগম এসেছেন। মুর্শিদা বেগম বললেন, "ঘরের বাজার আমি করি। আমি জানি কখন জিনিস পত্রের দাম কম ছিল। সুতরাং সেটা বুঝেই ভোট দেবো।" এবারের ভোটের চিত্রে বাজারদর যে একটা বড়ো প্রভাব ফেলছে সে ব্যাপারে দ্বিমত নেই অনেকেরই। মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া, পেশায় চিকিৎসক, থাকেন দক্ষিণ মনিপুরে। বললেন, "আগেরবার ছিলাম ভৈরবে। সেখানে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পরেছিল। এবারও চান্স ছিল। কষ্ট করে নাম কাটিয়েছি। এবার ভোট দিতে চাই।" সোহেল নাদির খান,সদ্য হজ করে এসেছেন। ভোট দিতে ভুল করেননি। আগে বিএনপি সমর্থক ছিলেন, এখন নৌকার সমর্থক কিংশুক সমবায় সমিতির সাধারণ সম্পাদক খান জানালেন, "স্বতন্ত্র প্রার্থী আবদুল কাদেরের কারণে এখানে কামাল মজুমদার একটু কম যেতে পেরে তবে টোটালে জিতে যাবে।" এরকম দুএকজন সরাসরি বললেও কাকে ভোট দিলেন সেকথা জানাতে চাননি অনেকেই। কেউ কেউ বললেন, এটা নির্বাচনী আচরণবিধিভঙ্গ হবে না তো? অন্য দেশের এক্সিট পোলের কথা মনে করিয়ে দেওয়ার পরও বললেন, "অতোসব বুঝি না। এখানে বলা যাবে না। বললে পরে বিপদ হইতে পারে।" আগের বারের ভোটগুলিতে কেন্দ্রের বাইরে সমর্থকদের এক ধরণের হৈ চৈ নজরে পরতো। এবারে সেসবও নেই। ভোট দিয়ে ভোটাররা সাধারণত বাসায় ফিরে যেতেন। এবার অনেকে ভোট কেন্দ্রের বাইরে এসে আড্ডা গল্পগুজবে মেতেছেন। বেশ একটা ফুরফুরে মেজাজ সর্বত্র। পুরানো ঢাকার কবি নজরুল ইসলাম কলেজের ভোট কেন্দ্রে ভোটারের সংখ্যা খুব বেশি নয়। সব মিলিয়ে হাজার চারেক। তার মধ্যে নারী ভোটারের সংখ্যাই বেশি। ফলে এখানে দেখা গেলো পুরুষদের এলাকায় লাইন নেই। মহিলাদের একাধিক লাইনে ভিড় লেগে আছে। লালকুঠির কমিউনিটি সেন্টারের ভোটকেন্দ্রে অবস্থা আরো মারাত্মক। এই কেন্দ্রে নারী ভোটার আড়াই হাজার। পুরুষ হাজার দেড়েক। বেলা একটার দিকে সেখানে নারীদের লাইনে ভয়াবহ ভিড়। ফলে শৃঙ্খলাও কিছুটা বিঘি