২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইসিতে বিএনপির বিরুদ্ধে আ. লীগের চার অভিযোগ

মহাজোটের প্রধান দল আওয়ামী লীগ সোমবার নির্বাচন কমিশনে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের বিরুদ্ধে চারটি লিখিত অভিযোগ জমা দিয়েছে। এ বিষয়ে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে দলটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2008, 09:05 AM

Updated : 26 Aug 2022, 02:52 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাজোটের প্রধান দল আওয়ামী লীগ সোমবার নির্বাচন কমিশনে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের বিরুদ্ধে চারটি লিখিত অভিযোগ জমা দিয়েছে। এ বিষয়ে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে দলটি। অভিযোগগুলো হচ্ছে- নির্বাচনের আগের দিন রোববার ও তার আগের দিন রাত ১২টার পরও খালেদা জিয়া গণসংযোগ করেছেন; ২৭ ডিসেম্বর খালেদা জিয়ার জাতির উদ্দেশে দেওয়া ভাষণের মঞ্চের সামনে বিএনপির নির্বাচনী স্লোগান ছিল; সিলেট-১ আসনে নির্বাচন পর্যবেক্ষকদের সাড়ে তিন হাজার চারদল সমর্থক এবং রোববার রাতে ভোট কেনার জন্য বেশ কয়েকটি আসনে টাকা বিতরণ। আওয়ামী লীগ সিলেটের ওই আসনের অভিযুক্ত পর্যবেক্ষকদের অবিলম্বে প্রত্যাহার এবং টাকা বিতরণের জন্য দায়ী প্রার্থীদের প্রার্থিতা বাতিলের দাবি জানিয়েছে। প্রচারণার সময়সীমা পার হওয়ার পরও 'গণসংযোগ' এবং খালেদা জিয়ার ভাষণের সময় নির্বাচনী স্লোগান থাকার বিষয়েও ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক সচিব মোহাম্মদ আলীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল দুপুর আড়াইটার একটু আগে নির্বাচন কমিশনে এসব অভিযোগ লিখিতভাবে জমা দেন। দলের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচটি ইমাম স্বাক্ষরিত এসব অভিযোগ আলাদা আলাদা কাগজে করা হয়েছে। কমিশনে অভিযোগগুলো জমা দেওয়ার পর সাংবাদিকদের কাছে সে সম্পর্কে জানায় প্রতিনিধি দলটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এজে/এমএইচবি/১৫৩২ ঘ.