ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ বলেছেন, এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের বিজয় হবে।
ভোট দেওয়ার পর তিনি বলেন, "নির্বাচনের ফলাফল বিজয়ী-বিজেতা দল উভয়েই মেনে নিয়ে দেশগঠনে একসঙ্গে কাজ করবে বলে আমি প্রত্যাশা করি।"
সোমবার ১১টা ৪০মিনিটে জেনারেল মইন তার স্ত্রী নাসরিন মইনকে নিয়ে ঢাকা সেনানিবাসের আদমজি ক্যান্টনমেন্ট কলেজে কেন্দ্রে ভোট দিতে আসেন। ভোট দেওয়ার পর সাংবাদিকদের কাছ এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা তৈরির কারিগরী কাজে তত্ত্বাবধায়ক সরকারকে গত দুবছর ধরে সমর্থন দিয়ে যাওয়া সশস্ত্রবাহিনীর একটি মূখ্য ভূমিকা ছিল।
সেনাপ্রধান কেন্দ্রের ২৭৪ নম্বর কক্ষে ভোট দেন। এর আগে ভোট দেওয়ার জন্য তিনি লাইনে দাঁড়ান। তখন নিরাপত্তা কর্মীরা তাকে অনুরোধ করলে লাইন ছেড়ে কক্ষে ঢুকে ভোট দেন তিনি। তার স্ত্রী মহিলা বুথে ভোট দেন।
ভোট দেওয়ার পর সাংবাদিকদের মইন বলেন, "গত দুই বছরে জনগণ গণতন্ত্রের জন্য যে অপেক্ষা করেছে এই নির্বাচনের মাধ্যমে তার বিজয় হতে যাচ্ছে। এই বিজয় শুধু গণতন্ত্রের নয়, বিশ্ববাসীরও বিজয়।"
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমরা তত্ত্বাবধায়ক সরকারকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সহযোগিতা করেছি। আপনারা দেখেছেন ভোটকেন্দ্রে কোনো সেনাসদস্য যায়নি। তারা বাইরেই ছিল।"
তিনি আশাবাদ ব্যক্ত করেন, নির্বাচনের ফলাফল বিজয়ী এবং বিজেতা উভয় দলই মেনে নিয়ে 'গণতন্ত্রের জন্য শুভ্রযাত্রার' দিকে অগ্রসর হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/এসকে/১৩৩৬ঘ.
bdnews24