২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সারা দেশে উৎসবের আমেজে চলছে ভোটগ্রহণ

নবম জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। সোমবার সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ, দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া চলছে শান্তিপুর্ণভাবেই। সারা দেশ থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিরা জানাচ্ছেন বিস্তারিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2008, 08:55 AM

Updated : 26 Aug 2022, 02:52 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। সোমবার সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ, দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া চলছে শান্তিপুর্ণভাবেই। সারা দেশ থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিরা জানাচ্ছেন বিস্তারিত। চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরী এবং এর বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, শীতের কুয়াশা কাটিয়ে সূর্যের আলো আসার আগেই মানুষ ছুটতে শুরু করে নগরীর ভোট কেন্দ্রগুলোর দিকে। রিক্সা ছাড়া অন্য কোনো যানবাহন চলছে না বলে পায়ে হেঁটেই নিজ নিজ ভোটকেন্দ্রে হাজির হয়েছেন অনেক ভোটার। ভোটগ্রহণ শুরুর আগেই কোনো কোনো কেন্দ্রে ভোটারদের লাইন কোথাও দু-তিনশ গজ ছাড়িয়ে যায়। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে লাইনের দৈর্ঘ। প্রায় সব কেন্দ্রেই নারী ভোটারদের স্বতঃস্ফুর্ততা ছিল চোখে পড়ার মতো। কোন কোন কেন্দ্রে পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি ছিল অনেক বেশি। সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম-৯ আসনের দামপাড়া পুলিশ লাইন ভোটকেন্দ্রে ভোটারদের লাইন তিন-চারশ গজ ছাড়িয়ে যায়। চট্টগ্রাম -৭ আসনের এখলাসুর রহমান সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল দশটায় পুরুষ ভোটারদের লাইন তিনশ গজ এবং নারী ভোটারদের লাইন চারশ গজ ছাড়িয়ে যায় । খুলনা: সকাল ১০টা পর্যন্ত খুলনা বিভিন্ন ভোট কেন্দ্রে ৩০ থেকে ৩২ ভাগ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নগরীর বিকে ইউনিয়ন ইনস্টিটিউশন কেন্দ্রের পুরুষ বুথে ৩৭২ জন ভোটারের মধ্যে ১৩১ জন ভোটার ভোট দিয়েছেন সকাল ১০টার মধ্যে। এই কেন্দ্রের মহিলা বুথে ২৪৬ জন ভোটারের মধ্যে ৮২ জন ভোটার ভোট দিয়েছেন ওই সময়ের মধ্যে। নাতির হাত ধরে, লাঠিতে ভর দিয়ে এই কেন্দ্রে ভোট দিতে এসেছেন ৯০ বছর বয়সী বৃদ্ধ রামপ্রসাদ মাউ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিকে তিনি জানান, খুব সুন্দর ভোট হচ্ছে। এরকম পরিবেশ দরকার ভোট দেয়ার জন্য। টাঙ্গাইল : সকাল ১১টা পর্যন্ত টাঙ্গাইলের বিভিন্ন কেন্দ্রে প্রায় ৩০ শতাংশ ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। টাঙ্গাইলের ৮ টি আসনের ৮শ'৭৯ টি ভোট কেন্দ্রে প্রায় ২৩ লাখ ভোটার ভোট প্রয়োগ করবেন। এ রির্পোট লেখা পর্যন্ত প্রার্থীরা শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে বলে জানান। জেলার ৮ টি আসনে মহাজোট , চারদলীয় জোট সহ ৩৯ জন প্রার্থী এবারের নির্বাচনে অংশ নিয়েছেন। জেলার ৮৭৯ টি ভোট কেন্দ্রের মধ্যে ৩৩১ টি ঝুকিপূর্ণ ভোট কেন্দ্রকে কড়া নজরদারির মধ্যে রেখেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কুমিল্লা : ঘন কুয়াশা উপেক্ষা করে কুমিল্লার বিভিন্ন ভোট কেন্দ্রে সকাল থেকে লক্ষ্য করা যাচ্ছে ভোটারদের ভিড়। কুমিল্লা সদরের বিষ্ণুপুর মৌলভীপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ শুরু হওয়ার অনেক আগে থেকেই এসে লাইনে দাঁড়িয়েছেন মহিলা ভোটাররা। একই এলাকার পিটিআই স্কুলকেন্দ্রে পুরুষ ভোটারদেরও লম্বা লাইন। এই কেন্দ্রে ভোট দিতে এসেছেন সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর ইরফানুল বারী। সেনাবাহিনীর চাকরির কারণে এর আগে কখনোই ভোট দিতে পারেননি তিনি, এই প্রথম লাইনে দাঁড়িয়ে ভোট দিতে এসেছেন। ভোট কেন্দ্রের পরিবেশ সন্তোষজনক বলেই মনে করছেন তিনি। কুষ্টিয়া: জেলার চারটি আসনের ৫১০ টি কেন্দ্রে শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহণ চলছে। সকাল সাড়ে ১০ টা পর্যন্ত জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জামালপুর: নজিরবিহীন কঠোর নিরাপত্তার মধ্যে জামালপুরে ৫টি আসনে ভোটগ্রহণ চলছে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর অনেক আগে থেকেই ভোট থেকে ভোট কেন্দ্রগুলোতে ভোটাররা দীর্ঘ লাইনে এসে দাঁড়ান। জামালপুর-৫ (সদর) আসনের মহাজোট প্রার্থী রেজাউল করিম হিরা সকাল আটটায় শহরের মুসলিমাবাদ কেন্দ্রে এবং চারদলীয় জোট প্রার্থী মো. সিরাজুল হক জিলা স্কুল কেন্দ্রে ভোট দেন। মুুন্সিগঞ্জ: মুন্সীগঞ্জ-৩ আসনের আওয়মী লীগের প্রার্থী সাবেক প্রতিরক্ষা সচিব এম ইদ্রিস আলী সকাল ৮টায় দক্ষিণ নগর কসবা প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে তাঁর ভোট দেন। চারদলীয় জোট প্রার্থী সাবেক তথ্য মন্ত্রী এম শামসুল ইসলাম সুখবাসপুরের বছিরুনন্নেছা উচ্চ বিদ্যালয়ে তাঁর ভোট দেন। দু'জনেই জয়ের জন্য আশাবাদী। মুন্সীগঞ্জ-২ চার দলীয় জোট প্রার্থী সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিন্হা ভোট দিয়েছেন লৌহজং উপজেলার চটকিবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এ আসনে লৌহজং উপজেলার শামুর বাড়ি প্রাইমারী স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন মুন্সীগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাগুফতা ইয়াসমিন। মুন্সীগঞ্জ-১ আসনে চারদলের প্রার্থী সাবেক উপ প্রধান মন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেন ভোট দিয়েছেন শ্রীনগর উপজেলার দক্ষিণ পাইকসা প্রথমিক বিদ্যালয় ও আওয়ামী লীগের সুকুমার রঞ্জন ঘোষ শ্রীনগর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকালে ভোট দিয়েছেন। মাগুরা: মাগুরার দু'টি আসনেও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিভিন্ন কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। সকাল ৯টায় মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রে মহিলা ভোটারদের ভোট দেওয়ার জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা গেছে। ব্রাক্ষণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬৪২টি কেন্দ্রে কুয়াশা উপেক্ষা করে সকাল থেকেই দেখা গেছে ভোটারদের লম্বা লাইন। ব্রাক্ষণবাড়িয়া-৩ (সদর) আসনে ৪ দলীয় জোট প্রার্থী অ্যাডভোকেট হারুন আল রশীদ ও মহাজোট প্রার্থী অ্যাডভোকেট লুৎফুল হাই সাচ্চু দুজনই সকালে শহরের সূর্যমুখী কিন্ডার গার্ডেন স্কুল কেন্দ্রে ভোট দেন। গোপালগঞ্জ: গোপালগঞ্জের ৩টি আসনে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়ার নিলফা-বয়রা স্কুল কেন্দ্রে সকাল আটটার আগেই দেখা গেছে মহিলা ভোটারদের লম্বা লাইন। কুয়াশা ও শীত উপেক্ষা করে তারা সমবেত হয়েছেন ভোটকেন্দ্রে। সকাল ১০.১৫ মিনিটে এই রিপোর্ট লেখা পর্যন্ত জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. আব্দুল কুদ্দুস আমীন। চাঁদপুর : ভোটগ্রহণ শুরু হওয়ার আগে থেকেই চাঁদপুরের বিভিন্ন কেন্দ্রে সমবেত হয়েছেন বিপুল সংখ্যক ভোটার। সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হলেও জেলার লেডী দেহলভী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে সাতটা থেকে ভোটাররা আসতে শুরু করেছেন বলে জানিয়েছেন কেন্দ্রের প্রিসাইডিং অফিসার এম ওমর ফারুকী। ওই কেন্দ্রে ভোট দিতে আসা ষাটোর্ধ্ব বৃদ্ধা সাবিত্রি সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিজের অধিকার সংরক্ষণের জন্য খুব সকালেই ভোট দিতে চলে এসেছেন। চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সদর উপজেলার বেশ ক'টি ভোটকেন্দ্র ঘুরেও ভোটারদের স্বতস্ফুর্ত উপস্থিতি দেখা যায়। চাঁপাইনবাবগঞ্জ: জেলার বিভিন্ন ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশেই ভোট গ্রহণ চলছে। একটি বিচ্ছিন্ন ঘটনায় একজন ভোটার ভোট কেন্দ্রে আসার আগেই অন্য কেউ তার ভোট দিয়ে গেছেন বলে অভিযোগ করলে বিশেষ ব্যবস্থায় তার ভোট নেওয়া হয়। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার উপরাজারামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মজিদুল ইসলাম জানান, আপত্তি ফর্মে স্বাক্ষর ও একশত টাকা জমা নিয়ে রবিউল ইসলাম নামের ওই ভোটারকে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। জেলার বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে পুরুষের তুলনায় মহিলা ভোটারের উপস্থিতি তুলনামুলক ভাবে বেশী দেখা গেছে। শহরের সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, কামাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়, সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেন ডাইং গ্রামের হাজী তবারক আলি বেসরকারী প্রাথমিক বিদ্যালয় ও আতাহার সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল থেকেই মহিলা ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। আতাহার সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সিরাজুল ইসলাম জানান, ২১'শ ৬৯জন ভোটারের মধ্যে সকাল সাড়ে ৯টা পর্যন্ত ৩৬৮ জন ভোট দিয়েছেন। হাজী তবারক আলি বেসরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মেসবাহুল হক জানান, সকাল ৯টা পর্যন্ত এক ঘন্টায় ১৬'শ ৫৪ জন ভোটারের মধ্যে ১৮৫ জন ভোটার ভোট দিয়েছেন। সুনামগঞ্জ : সুনামগঞ্জ ৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনের মহাজোট প্রার্থী জাপা নেত্রী মমতাজ ইকবাল সকাল ১০ টায় শহরের আরপিন নগর প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে ভোট দিয়েছেন। চারদল প্রার্থী ফজলুল হক আসপিয়া সকাল ৯টায় ভোট দেন ষোলঘর প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে। সুনামগঞ্জ- ২ (দিরাই, শাল্লা) আসনের মহাজোট প্রার্থী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত সকাল ৯.৪৫ মিনিটে দিরাই প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। সকাল সাড়ে দশটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সুনামগঞ্জ শহরে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএইচ/১৩১৭ ঘ.