ঢাকা, ২৯ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--প্রত্যাশিত সময়ের বেশ কিছু সময় পর ঢাকা সেনানিবাসের আদমজি ক্যান্টনমেন্ট কলেজে সোমবার দুপুর ১২টায় ভোট দিয়েছেন বিএনপি চেয়ার পারসন খালেদা জিয়া।
ভোট দেওয়ার পর নবম সংসদ নির্বাচনে বিজয়ের আশাবাদ ব্যক্ত করেছেন তিনি । খালেদা সাংবাদিকদের বলেন, "সুষ্ঠু নির্বাচন হলে চারদলীয় জোট বিপুল ভোটে বিজয়ী হবে।"
একইসঙ্গে সুষ্ঠু নির্বাচনের ফলাফল মেনে নেওয়ারও কথা বলেছেন তিনি।
খালেদা ক্যান্টনমেন্টের শহীদ মইনুল রোডের বাসা থেকে ভোট দিতে আসেন এই কেন্দ্রে। তিনি আদমজি ক্যান্টনমেন্ট কলেজের বুথ-৭ (মহিলা) এ ভোট দেন।
বিএনপি চেয়ারপার্সন এসময় বলেন, "সারাদেশের মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। এই দিনটির জন্য সবাই অপেক্ষা করছিল। আজকের দিনটি দেশের মানুষের জন্য আনন্দের দিন। আমরা চাই দেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/এজে/এসকে/১২৩৬ঘ.
bdnews24