নারায়ণগঞ্জ, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের পাঁচটি নির্বাচনী এলাকার বিভিন্ন কেন্দ্রে ভোটাররা ভোটার নম্বর জটিলতায় পড়েছেন। এ নিয়ে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের নারায়ণগঞ্জ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে কেন্দ্রের ভোট দিতে গিয়ে জটিলতার কারণে ভোটাররা বিক্ষোভ করেছে।
বিভিন্ন কেন্দ্রের ভোটাররা অভিযোগ করেন, প্রার্থীদের দেওয়া ভোটার স্লিপ ও তাদের সঙ্গে নেওয়া জাতীয় পরিচয়পত্রের নম্বরের সঙ্গে কেন্দ্রের ভোটা তালিকায় থাকার নম্বর না মিলছে না। সেজন্য তারা ভোট দিতে পারছেন না।
রিটার্নিং অফিসার জেলা প্রশাসক এ এম এ রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
তিনি নারায়ণগঞ্জ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে গিয়ে আশ্বাস দিয়েছেন- যারা নম্বর জটিলতায় পড়েছেন তারা বাড়ির ঠিকানা বললে ভোট দিতে দেওয়া হবে।
রিটার্নিং অফিসার সাংবাদিকদের বলেন, "আমি নারায়ণগঞ্জ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে গেছি। বিক্ষোভকারী ভোটারদের সঙ্গে কথা বলে তাদের শান্ত করেছি। আর সমস্যা হবে না।"
এ কেন্দ্রের ১০ হাজারের বেশি ভোট রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১২২৬ ঘ.
bdnews24