২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিক ফলাফলে আ. লীগ এগিয়ে

ভোট গণনা শুরু হওয়ার পর দেশের বিভিন্ন স্থান থেকে পাওয়া সর্বশেষ বেসরকারি ফলাফলে বাংলাদেশ আওয়ামী লীগ এগিয়ে রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2008, 08:44 AM

Updated : 26 Aug 2022, 02:52 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোট গণনা শুরু হওয়ার পর দেশের বিভিন্ন স্থান থেকে পাওয়া সর্বশেষ বেসরকারি ফলাফলে বাংলাদেশ আওয়ামী লীগ এগিয়ে রয়েছে। ঢাকা-৬ আসনের তিনটি কেন্দ্রে সাদেক হোসেন খোকা পিছিয়ে রয়েছেন। কে এম জুবিলি হাইস্কুল ও কলেজ কেন্দ্রে মহাজোট প্রার্থী আওয়ামী লীগের মিজানুর রহমান খান দিপু পেয়েছেন ১৯৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চারদলের প্রার্থী বিএনপির সাদেক হোসেন খোকা পেয়েছেন ৮৯৭ ভোট। শহীদ সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রে দিপু পেয়েছেন ১ হাজার ২১ এবং খোকা ৭৭০ ভোট পেয়েছেন। কবি নজরুল সরকারি কলেজ কেন্দ্রে দিপু পেয়েছেন ৮৮৮ এবং খোকা ৭৪৭ ভোট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিরা জানিয়েছেন, )- যশোরের ছয়টি আসনেই রাত সোয়া ৮টা পর্যন্ত ঘোষিত প্রাথমিক ফলাফলে আওয়ামী লীগ প্রার্থীরা এগিয়ে রয়েছেন। যশোর- ৬ আসনে ৩০টি কেন্দ্রে আওয়ামী লীগের শেখ আব্দুল ওহাব পেয়েছেন ৩০১২৩ ভোট। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আবুল হোসেন আজাদ পেয়েছেন ২৬১৭৮ ভোট। যশোর- ৫ এ পাঁচটি কেন্দ্রে আওয়ামী লীগের অ্যাডভোকেট খান টিপু সুলতান ৩৭৩৬ ও চারদলীয় জোটের মুফতি ওয়াক্কাস ৩৭৩৩ ভোট পেয়েছেন। যশোর- ৪ এ আওয়ামী লীগের রনজিত কুমার রায় ১০ কেন্দ্রের ঘোষিত ফলে ৭৬৪০ পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির টি এস আইয়ুব পেয়েছেন ৭৫৪৭ ভোট। অন্যদিকে, যশোর- ৩ আসনে ১০ কেন্দ্রে আওয়ামী লীগের খালেদুর রহমান টিটো ১১৭৮৮ ও বিএনপির তরিকুল ইসলাম ৮৩৫২ ভোট পেয়েছেন। যশোর- ২ আসনের ১০টি কেন্দ্রে আওয়ামী লীগের মোস্তফা ফারুক মোহাম্মদ ৭৩৯০ ভোট এবং জামায়াতের আবু সাইয়িদ ৫৯১৩ ভোট পেয়েছেন। যশোর- ১ আসনে পাঁচটি কেন্দ্রের ফলাফলে এগিয়ে আওয়ামী লীগের শেখ আফিলউদ্দিন। তিনি পেয়েছেন ৫৮৭৫ ভোট। নিটকতম জামায়াতের আজিজুর রহমান পেয়েছেন ৫১৮১ ভোট। নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের নয়টি কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। ভোটে এগিয়ে আছেন বিএনপির প্রার্থী বরকতউল্লাহ বুলু। নয়টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকে বরকতউল্লাহ বুলু পেয়েছেন ৯ হাজার ১৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) মামুনূর রশীদ কিরণ পেয়েছেন ৫ হাজার ৫২০ ভোট। এছাড়া আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মিনহাজ ইউ আহমেদ পেয়েছেন ২ হাজার ৯০৪ ভোট। নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী লুৎফুন্নাহার মুন্নী পেয়েছেন নয়টি কেন্দ্রে মোট ২০২ ভোট। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ আসনের ১২ কেন্দ্রে পেয়েছেন ১৭ হাজার ৫০৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী চার দলের এম এ জিলানী পেয়েছেন ৬২৩ ভোট। শেরপুর-২ এর দুইটি কেন্দ্রে মতিয়া চৌধুরী পেয়েছেন ৮ হাজার ৬৮০। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চারদলের সাবেক হুইপ জাহেদ আলী চৌধুরী পেয়েছেন ৪ হাজার ১১৬ ভোট। বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের ১৩টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। এতে এগিয়ে আছেন মহাজোট প্রার্থী জাতীয় পার্টির রুহুল আমিন হাওলাদার। রুহুল আমিন পেয়েছেন ১২ হাজার ১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আবুল হোসেন খান পেয়েছেন ৮ হাজার ৪৬২ ভোট। এই আসনের মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৯১ এবং মোট ভোটার ১ লাখ ৮৩ হাজার ৪৮১। এর ২০০৭ সালের ২২ জানুয়ারী পরবর্তী সাধারণ নির্বাচন হওয়ার কথা থাকলেও তা আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের আন্দোলনের মুখে তা বাতিল হয়। ওই বছরের ১১ জানুয়ারী জরুরি অবস্থা জারির পর বর্তমান তত্ত্বাবধায়ক সরকার প্রায় দুই বছর সময় নিয়ে ৯ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে। চারদলীয় জোটের দাবির মুখে চার দফা তফসিল পিছিয়ে নির্বাচন কমিশন ২৯ ডিসেম্বর সোমবার সারাদেশে একটি ছাড়া সব কয়টি (২৯৯)আসনে ভোটাভুটি পরিচালনা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জিএনএ/এসএনডি/২০৩৯ ঘ.