ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে বিএনপি বলেছে, সারাদেশে ৭২টি আসনে ২২০টি কেন্দ্র দখল করা হয়েছে।
ওই সব কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেওয়া হয় বলে অভিযোগ দলটির।
নবম জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ২৯৯টি সংসদীয় আসনে মোট ৩৫ হাজার ২৬৩টি কেন্দ্রে সোমবার ভোট গ্রহণ হয়।
ভোট গ্রহণ শেষ হওয়ার পর সোমবার সন্ধ্যায় বিএনপির দপ্তর সম্পাদক রিজভী আহমেদ বলেন, "সারাদেশের ৭২টি আসনে ২২০টি কেন্দ্রে নানা অনিয়ম হয়েছে।"
তিনি বলেন, "ওইসব কেন্দ্রে আমাদের (বিএনপি) পোলিং এজেন্টদের প্রতিপক্ষ মহাজোটের লোকরা জোর করে বের করে দেয়। আমাদের সমর্থকদেরও সেখানে ভোট দিতে দেওয়া হয়নি।"
রিজভী অভিযোগ করেন, বৈধ কাগজপত্র থাকার পরও বিভিন্ন স্থানে বিএনপির প্রার্থীদের গাড়ি আটক করা হয়।
তিনি বলেন, "বিএনপি আগে থেকে যে আশঙ্কা প্রকাশ করেছিল, নির্বাচনে সে আলামতই ঘনীভূত হচ্ছে।"
গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।
এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর কয়েকটি কেন্দ্র ঘুরে সাংবাদিকদের বলেন, "সুষ্ঠু নির্বাচনী পরিবেশে সুন্দরভাবে ভোটগ্রহণ হবে বলে প্রত্যাশা ছিল। কিন্তু অব্যবস্থাপনার জন্য ভোট দিতে দেরি হচ্ছে।"
সুষ্ঠু নির্বাচন হলে চারদলীয় জোট বিপুল ভোটে বিজয়ী হবে বলে দাবি করেন খালেদা।
সোমবার নবম সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয় বিকাল ৪টায়। এরপর গণনা শুরু হয়েছে।
বেসরকারি ফলাফল নির্বাচন কমিশন ঘোষণা করার পর তা বিএনপির গুলশানের কার্যালয় থেকেও সাংবাদিকদের জানানো হবে বলে রিজভী আহমেদ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৯৩৪ ঘ.
bdnews24