ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- ভোট গণনা শুরু হওয়ার পর দেশের বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত সর্বশেষ বেসরকারি ফলাফলে বাংলাদেশ আওয়ামী লীগ এগিয়ে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিরা জানিয়েছেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ আসনের ১২ কেন্দ্রে পেয়েছেন ১৭ হাজার ৫০৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী চার দলের এম এ জিলানী পেয়েছেন ৬২৩ ভোট।
শেরপুর-২ এর দুইটি কেন্দ্রে মতিয়া চৌধুরী পেয়েছেন ৮ হাজার ৬৮০। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চারদলের সাবেক হুইপ জাহেদ আলী চৌধুরী পেয়েছেন ৪ হাজার ১১৬ ভোট।
জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনের ছয়টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এসব আসনে আওয়ামী লীগ প্রার্থী মির্জা আজম ১৩ হাজার ৯'শ ৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোস্তাফিজুর রহমান বাবুল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৫'শ ভোট।
২০০১ সালের ৮ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট পেয়েছিল ২১০ টি আসন এবং আওয়ামী লীগ ৬২টি আসন।
এর ২০০৭ সালের ২২ জানুয়ারী পরবর্তী সাধারণ নির্বাচন হওয়ার কথা থাকলেও তা আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের আন্দোলনের মুখে তা বাতিল হয়।
ওই বছরের ১১ জানুয়ারী জরুরি অবস্থা জারির পর বর্তমান তত্ত্বাবধায়ক সরকার প্রায় দুই বছর সময় নিয়ে ৯ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে। চারদলীয় জোটের দাবির মুখে চার দফা তফসিল পিছিয়ে নির্বাচন কমিশন ২৯ ডিসেম্বর সোমবার সারাদেশে একটি ছাড়া সব কয়টি (২৯৯)আসনে ভোটাভুটি পরিচালনা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জিএনএ/১৯১৩ ঘ.
bdnews24