ঢাকা, ২৯ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--৩২ টি স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক গ্র"পের জোট 'ইলেকশন ওয়ার্কিং গ্র"প' (ইডব্লিউজি) সোমবার অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনকে 'সার্বিকভাবে সন্তোষজনক' বলে আখ্যায়িত করেছে।
ইডব্লিউজি সোমবার রাতে এক সংবাদ সম্মেলনে তাদের 'তাৎক্ষণিক ধারণা জরিপ' এর ফলাফল প্রকাশ করে। ভোটের দিন বেলা ১২টা পর্যন্ত ভোট প্রক্রিয়ার ওপর মতামত জানতে এ জরিপ করা হয়।
এক বিবৃতিতে ইডব্লিউজি বলেছে,তাদের এ ফলাফল প্রাথমিক এবং তারা আগামী ৩ জানুয়ারি একটি বিস্তারিত ফল প্রকাশ করবে।
৬৫১টি ভোটকেন্দ্র ও এর আশেপাশে পরিচালিত এ জরিপে ভোটারদের নিরাপত্তাহীনতা ও অনিয়ম, ভোট প্রক্রিয়ায় কিছু অসঙ্গতি ও অবৈধ প্রচারণা সম্পর্কিত কিছু বিষয় উঠে এসেছে।
এনজিও এডিডি-র রেজাউল করিম চৌধুরী তার মূল উপস্থাপনায় বলেন, যথেষ্ট নিরাপত্তার অভাব এবং ধীর ভোটগ্রহণ পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলায় ভোটারদের কেন্দ্রে থাকতে নিরুৎসাহিত করে। এছাড়া চাপাইনবাবগঞ্জ, বগুড়া ও ফেনীতে জাল ভোটের অভিযোগ পাওয়া গেছে।
তিনি বলেন সিলেটে ভোটদানের স্থানে গোপনীয়তার অভাবের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া হবিগঞ্জ ও বগুড়ায় নির্বাচনের দিনও প্রচারণার অভিযোগ উঠেছে।
রেজাউল করিম চৌধুরী আরো বলেন ঢাকা ১৯ আসন ও চাপাইনবাবগঞ্জে 'টেনডার্ড' ভোটের ঘটনা ঘটেছে। অন্যজনে ভোট দিয়ে দিলে যে ভোট দেওয়ার ব্যবস্থা আছে তাই টেনডার্ড ভোট যা ফলে যোগ করা হয়না।
এডিডি-র নির্বাহী পরিচালক মোহসীন আলী অভিযোগ করেন কিছু ক্ষেত্রে পর্যবেক্ষকদের নির্বাচন পর্যবেক্ষণ করতে বাধা দেওয়া হয়েছে।
তিনি বলেন, তিনটি ক্ষেত্রে ইডব্লিউজি পর্যবেক্ষকদের বিরুদ্ধে পক্ষপাত ও দলীয় ভঙ্গিতে কাজ করার অভিযোগ করা হয়। তবে তিনি দাবি করেন, নিজেদের কঠিন মাপকাঠি মেনেই তারা পর্যবেক্ষণের কাজ করছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এসকে/০২০০ঘ.
bdnews24