২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে বিএনপির দুর্গ আ. লীগের করায়াত্ত

বিএনপির দুর্গ হিসেবে পরিচিত মুন্সীগঞ্জের সব আসনেই এবার বিজয়ী হয়েছে আওয়ামী লীগ প্রার্থীরা। ধরাশায়ী হয়েছেন সাবেক মন্ত্রী এম শামসুল ইসলাম ও শাহ মোয়াজ্জেম হোসেন। সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার সভাপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী নিজের আসনেই হয়েছেন তৃতীয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2008, 08:23 PM

Updated : 26 Aug 2022, 02:51 PM

মুন্সীগঞ্জ, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির দুর্গ হিসেবে পরিচিত মুন্সীগঞ্জের সব আসনেই এবার বিজয়ী হয়েছে আওয়ামী লীগ প্রার্থীরা। ধরাশায়ী হয়েছেন সাবেক মন্ত্রী এম শামসুল ইসলাম ও শাহ মোয়াজ্জেম হোসেন। সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার সভাপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী নিজের আসনেই হয়েছেন তৃতীয়। মুন্সীগঞ্জ-১ আসনে ১ লাখ ৭ হাজার ২৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী চলচ্চিত্র প্রযোজক সুকুমার রঞ্জন ঘোষ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শাহ মোয়াজ্জেম হোসেন পেয়েছেন ৯৮ হাজার ৩৮৩ ভোট। এ আসনে অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী পেয়েছেন ৩৭ হাজার ১৪৭ ভোট। ২০০১ সালের নির্বাচনে বদরুদ্দোজা চৌধুরী বিএনপির প্রার্থী হয়ে ৩০ হাজার ভোটের ব্যবধানে সুকুমার রঞ্জনকে পরাজিত করেন। মুন্সীগঞ্জ-২ আসনে সাবেক প্রতিমন্ত্রী বিএনপি প্রার্থী মিজানুর রহমান সিনহা হেরেছেন আওয়ামী লীগের সাগুপ্তা ইয়াসমিন এমিলির কাছে। এমিলি পেয়েছেন ১ লাখ ৭ হাজার ১৫৮ ভোট। সিনহা পেয়েছেন ৯০ হাজার ৩৮৩ ভোট। ২০০১ সালের নির্বাচনে মিজানুর রহমান সিনহা ২৪ হাজার ভোটে এমিলিকে হারান। মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম শামসুল ইসলাম হেরেছেন আওয়ামী লীগ প্রার্থী সাবেক সচিব এম ইদ্রিস আলীর কাছে। ইদ্রিস পেয়েছেন ১ লাখ ৪২ হাজার ৪৮৪ ভোট। শামসুল ইসলাম পেয়েছেন ১ লাখ ২০ হাজার ১২৮ ভোট। শামসুল ইসলাম ১৯৯১ সালের নির্বাচন থেকেই এ আসনে বিজয়ী হয়ে আসছিলেন। ২০০১ এর নির্বাচনে তিনি ইদ্রিস আলীকে ৩৫ হাজার ভোটে হারান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০২১৭ ঘ.