ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সারাদেশের ভোটকেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ভোটকেন্দ্রগুলোতে নারী ভোটারদের লাইন দিনের কোনও কোনও সময় পুরুষদের লাইনকে ছাড়িয়ে গেছে। নারীদের জন্য ছিল বিশেষ কেন্দ্রও যেখানে শুধু তারাই ভোট দিয়েছেন।
এবারে মোট ভোটার সংখ্যা ৮ কোটি ১০ লাখ ৫৮ হাজার ৬৯৮ জন। নারী ভোটার ১৪ লাখ ১৩ হাজার ৬০০ জন বেশি ছিল পুরুষের তুলনায়।
দুপুর আড়াইটা। শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। পুরুষ ভোটারদের লাইন বিদ্যালয় ভবনের ভেতরেই সীমাবদ্ধ থাকলেও নারী ভোটারদের লাইন ছড়িয়ে গিয়েছিল বিদ্যালয় প্রাঙ্গনের বাইরে পর্যন্ত। পাশেই বাড়ি গৃহিণী রিতা বেগমের। তার স্বামী কারখানা শ্রমিক এবাদুল সকালে ভোট দিয়ে গেলেও সকালে তিনি আসতে পারেননি। এখন এসেছেন। বেশিরভাগ মহিলাই বলছেন বাড়ির কাজ সেরে ভোট দিতে আসতে তাদের একটু দেরি হয়ে গেছে। তবে সকালের দিকেও নারী ভোটারদের উপস্থিতি অনেক ছিল বলে জানালেন দায়িত্বরত পুলিশ কনস্টেবল রাশেদুল।
ঢাকা- ৫ আসনের যাত্রাবাড়ী পানি উন্নয়ন বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র আর ঢাকা- ৬ আসনের দক্ষিণ সায়েদাবাদের হলি সোল কিন্ডারগার্টেন এ শুধু মহিলা ভোটাররাই ভোট দিয়েছেন। কেন্দ্রদু'টিতে সকাল থেকেই ছিল ভোটারদের ভিড়।
সকালের দিকে রাজধানীর অনেক কেন্দ্রেই নারী ভোটারের উপস্থিতি ছিল কম। সকালে মীরপুরের মণিপুর উচ্চ বিদ্যালয়ের বালিকা শাখা কেন্দ্রের ভোটার আসিয়া বেগম ব্যাখ্যা করে বললেন, "আমগোর তো ঘরে অনেক কাজ। সেগুলান শেষ কইরা জোহর বাদে হয়তো অনেকে আসবে।"
আপনি তো আগেই এসেছেন বলতেই একগাল লাজুক হাসি, "এবারই পয়লা ভোট দিবো তো...।"
এছাড়া ঢাকার বিভিন্ন কেন্দ্রেও ছিল মহিলাদের দীর্ঘ লাইন। এসব লাইনে ছিলেন অশীতিপর বৃদ্ধা থেকে শুরু করে প্রথমবার ভোটার হয়েছেন এমন তরুণী পর্যন্ত সবাই।
আমাদের প্রতিনিধিরা যা জানান-
গাইবান্ধা
বিচ্ছিন্ন একটি ঘটনা বাদ দিয়ে গাইবান্ধা জেলার ভোটকেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হয় এবং পুরুষদের তুলনায় নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
চট্টগ্রাম প্রায় সব কেন্দ্রেই নারী ভোটারদের স্বতঃস্ফূর্ততা ছিল চোখে পড়ার মতো। কোন কোন কেন্দ্রে পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি ছিল অনেক বেশি।
চট্টগ্রাম-৭ আসনের এখলাসুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল দশটায় পুরুষ ভোটারদের লাইন তিনশ গজ এবং নারী ভোটারদের লাইন চারশ গজ ছাড়িয়ে যায় ।
কুমিল্লা সদরের বিষ্ণুপুর মৌলভীপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ শুরু হওয়ার অনেক আগে থেকেই এসে লাইনে দাঁড়িয়েছিলেন মহিলা ভোটাররা।
সকাল ৯টায় মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রে মহিলা ভোটারদের ভোট দেওয়ার জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা যায়।
চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে পুরুষের তুলনায় মহিলা ভোটারের উপস্থিতি তুলনামুলকভাবে বেশি দেখা গেছে। শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কামাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়, সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেন ডাইং গ্রামের হাজী তবারক আলি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও আতাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল থেকেই মহিলা ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/প্রতিনিধি/এসকে/২০৫৪ঘ.
bdnews24