২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করলেন শেখ হাসিনা

জনতার স্বতঃস্ফূর্ত করতালি ও সমর্থকদের 'নৌকা' স্লোগানের মধ্য দিয়ে ঢাকা মহানগরীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2008, 08:18 PM

Updated : 26 Aug 2022, 02:51 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- জনতার স্বতঃস্ফূর্ত করতালি ও সমর্থকদের 'নৌকা' স্লোগানের মধ্য দিয়ে ঢাকা মহানগরীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা দুপুর সোয়া একটার দিকে হাজারীরাগের বাংলাদেশ কলেজ অফ লেদার টেকনোলজিতে যান। তিনি কেন্দ্রের এক নম্বর বুথে গিয়ে সবার সঙ্গে কথা বলেন। কেন্দ্র থেকে বেরিয়ে আসার সময় স্থানীয় বাসিন্দা পারুলের সঙ্গে কথা বলেন এবং তার মাথায় হাত বুলিয়ে দেন। লেদার টেকনোলজি কলেজ কেন্দ্র থেকে শেখ হাসিনা যান রায়ের বাজার গজমোহন ট্যানারি হাই স্কুল কেন্দ্রে। শেখ হাসিনা এই কেন্দ্রের ভেতরে যাননি। তিনি বাইরে দাড়িয়ে থাকা মহিলা ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় সমবেত জনতা তালি দিয়ে আওয়ামী লীগ সভানেত্রীকে শুভেচ্ছা জানায়। হাজারীবাগ থেকে শেখ হাসিনা মীরপুরের মাজার রোডের প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যান। পথে জাফরাবাদ পাঠশালা স্কুল কেন্দ্রে ঢাকা-১৩ আসনে আওয়ামী লীগ প্রাথী জাহাঙ্গীর কবির নানক হাজারখানেক সমর্থককে নিয়ে হাততালি দিয়ে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান। মাজার রোডের আর সি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, মীরপুরের ন্যাশনাল হাই স্কুল কেন্দ্রের সামনে দিয়ে অতিক্রম করে শেখ হাসিনা মিনি পল্লবীর এম আই মডেল স্কুল এবং মীরপুর বাংলা স্কুল কেন্দ্র পরিদর্শন করেন। এরপর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গুলশান বাড্ডা লিংক রোডে গুদারা ঘাট হাইস্কুল ও মগবাজারের নজরুল শিক্ষালয়ে যান। ভিকারুন্নেসা নুন স্কুলের সামনে গিয়ে শেখ হাসিনা গাড়ি থেকে নেমে বাইরে অপেক্ষমান ভোটারদের উদ্দেশে হাত নাড়েন। ঢাকার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করার পর শেখ হাসিনার প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, "এখন তো দেখছি। ভোট গণনার পর বলতে পারবো।" বেইলী রোড থেকে শেখ হাসিনা একেএকে শ্যামপুর প্রাইমারি স্কুল কেন্দ্র, ফুলবাড়িয়া, নাজিমুদ্দিন রোড, চকবাজার, রহমতগঞ্জ এবং আজিমপুর হয়ে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনে ফিরে যান। এ সময় শেখ হাসিনার গাড়ি বহরের একটি গাড়িতে তার বোন শেখ রেহানার ছেলে রেদওয়ান সিদ্দিক ববি সস্ত্রীক ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/২১২১ঘ.