ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারাদেশের বিভিন্ন আসনে ভোট গণনা প্রায় শেষ হওয়ার পথে। এ পর্যন্ত বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ নেতৃত্বাধানী মহাজোট বড় ধরণের জয় পেতে চলেছে।
এ যাবৎ প্রাপ্ত ২৪২টি আসনের মধ্যে বেসরকারী ফলাফলে মহাজোট জিতেছে ২১২টি আসনে। অন্যদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় ঐক্যজোট জিতেছে ২৪টি আসনে। ৬টি আসনে জিতেছে অন্যান্যরা।
ভোটের প্রবণতায় জনগণ ঐকান্তিকভাবে দুঃশাসনের অবসান এবং পরিবর্তন চেয়েছে বলে মনে করছে আওয়ামী লীগ।
নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক নূহ-উল-আলম লেনিন দেশবাসীকে অগ্রিম অভিনন্দন জানিয়ে বলেছেন, "ভোটের ফলাফলের প্রবণতা দেখে মনে হচ্ছে জনগণ দুঃশাসনের অবসান চেয়েছে, চেয়েছে পরিবর্তন।"
আওয়ামী লীগের মিডিয়া সেন্টারে সোমবার গভীর রাতে এক প্রেস ব্রিফিংয়ে নূহ-উল-আলম লেনিন এসব কথা বলেন।
লেনিন বলেন, "দিন বদলের ক্ষেত্রে জনগণের রায় প্রতিফলিত হয়েছে। মানুষ পরিবর্তন চেয়েছে। দুর্নীতি, দুর্বৃত্তায়ন এবং দ্রব্যমূল্যের উর্দ্ধগতির হাত থেকে রক্ষা চেয়েছে। জনগণ আমাদের 'ভিশন-২০২১' এর পক্ষে রায় দিয়েছে। আমরা জনগণের প্রত্যাশা পূরণে দৃঢ়ভাবে অঙ্গীকারাবদ্ধ।"
তিনি আরো বলেন, "কিছু কিছু ক্ষেত্রে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে। তাছাড়া নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে।"
২০০১ সালের ৮ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট পেয়েছিল ২১০ টি আসন এবং আওয়ামী লীগ ৬২টি আসন।
এর ২০০৭ সালের ২২ জানুয়ারী পরবর্তী সাধারণ নির্বাচন হওয়ার কথা থাকলেও তা আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের আন্দোলনের মুখে তা বাতিল হয়।
ওই বছরের ১১ জানুয়ারী জরুরি অবস্থা জারির পর বর্তমান তত্ত্বাবধায়ক সরকার প্রায় দুই বছর সময় নিয়ে ৯ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে। চারদলীয় জোটের দাবির মুখে চার দফা তফসিল পিছিয়ে নির্বাচন কমিশন ২৯ ডিসেম্বর সোমবার সারাদেশে একটি ছাড়া সব কয়টি (২৯৯)আসনে ভোটাভুটি পরিচালনা করে।
বি. দ্র. : সর্বশেষ ফলাফলের বিস্তারিত এই প্রতিবেদনের সঙ্গে লিংক হিসেবে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এফএইচবি/জিএনএ/০৩১৭ ঘ.
bdnews24