সিলেট, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট-১ আসনে আওয়ামী লীগের আবুল মাল আব্দুল মাল বিজয়ী হয়েছেন। এছাড়া সিলেট-৪ ও ৬ আসনে বেসরকারি ফলাফলে জয় পেয়েছেন একই দলের প্রার্থী ইমরান আহমেদ ও নূরুল ইসলাম নাহিদ।
ফল ঘোষণার পর আবুল মাল আব্দুল মুহিত এক প্রতিক্রিয়ায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সারা বিভাগ জুড়ে বিজয়ে আমি অভিভূত। ভোটারদের প্রতি শ্রদ্ধায় মাথা অবনত হয়ে যাচ্ছে। যেটা নিয়ে বেশি চিন্তিত, প্রত্যাশা যে পর্যায়ে গেছে তার জন্য দায়-দায়িত্ব বেড়ে গেছে। নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে। বিভিন্ন প্রতিষ্ঠানকে ঢেলে সাজাতে হবে।"
সদর-কোম্পানিগঞ্জের এ আসনে ১৬৪টি কেন্দ্রের মধ্যে সবকটির ফলাফল ঘোষণা শেষে আবুল মাল আব্দুল মুহিত ১ লাখ ৭৮ হাজার ৬৩৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এম সাইফুর রহমান পেয়েছেন ১ লাথ ৪০ হাজার ৩৬৭ ভোট।
অন্যদিকে, সিলেট-৪ আসনে ১১৪টি কেন্দ্রের সবকটির ফলাফলে ইমরান আহমেদ ১ লাখ ৪৪ হাজার ১৯৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির দিলদার হোসেন সেলিম পেয়েছেন ৯৮ হাজার ৫৪৫ ভোট।
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে সবকটি কেন্দ্রের ভোট গণনা শেষে নূরুল ইসলাম নাহিদ ১ লাখ ৩৮ হাজার ৩৫৩ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা হাবিবুর রহমান ৫১ হাজার ৭৬৪ ভোট পেয়েছেন।
রিটার্নিং অফিসার সাজ্জাদুল হাসান এ ফল ঘোষণা করেন।
এছাড়া সিলেট-২, ৩ ও ৫ আসনেও এগিয়ে রয়েছে মহাজোটের প্রার্থীরা।
সিলেট-২ (বিশ্বনাথ-বালাগঞ্জ) আসনে ১৩৭টি কেন্দ্রের মধ্যে এ পর্যন্ত ১২৫টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে আওয়ামী লীগ প্রার্থী শফিকুর রহমান চৌধুরী ৯৭ হাজার ৬৫৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এম ইলিয়াছ আলী পেয়েছেন ৯৬ হাজার ৫৭৯ ভোট।
সিলেট-৩ (ফেঞ্চুগঞ্জ-সদরের একাংশ) আসনে ১১০টি কেন্দ্রের মধ্যে এ পর্যন্ত ৯৪টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে আওয়ামী লীগ প্রার্থী মাহমুদ উস সামাদ চৌধুরী ৮৫ হাজার ৯৬১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শফি আহমেদ চৌধুরী পেয়েছেন ৪৪ হাজার ৭৭৯ ভোট।
সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে ১৩৫টি কেন্দ্রের মধ্যে এ পর্যন্ত ৬২টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে আওয়ামী লীগ প্রার্থী হাফিজ আহমদ মজুমদার ৪১ হাজার ৩৬০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী ফরিদ উদ্দিন চৌধুরী পেয়েছেন ৪৯ হাজার ৭৯ ভোট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/০০৫৩ ঘ.
bdnews24