ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনে বহু জায়গায় অনিয়মের অভিযোগ করেছে বিএনপি। সেনা, পুলিশ ও র্যাবের বিরুদ্ধে কোনো কোনো স্থানে পক্ষপাতিত্বের অভিযোগও করেন তারা।
তবে সার্বিক বিশ্লেষণ শেষে নির্বাচনের ফলাফল নিয়ে মঙ্গলবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে প্রাথমিক ফলাফলে পিছিয়ে থাকা দলটি।
সোমবার রাত সাড়ে ১০টায় গুলশানে দলীয় চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে দপ্তর সম্পাদক রিজভী আহমেদ একথা জানান।
তিনি অভিযোগ করেন, "এ পর্যন্ত আমাদের কাছে প্রাপ্ত খবরে, সারাদেশে ৭২টি আসনে ২২০টি কেন্দ্রে ভোট গ্রহণে অনিয়মের বিভিন্ন অভিযোগ এসেছে। এসব অভিযোগ আমরা ইতিমধ্যে নির্বাচন কমিশনে পাঠিয়ে দিয়েছি।"
রিজভী আহমেদ বলেন, অভিযোগগুলোর মধ্যে আছে, পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া, কোনো কোনো প্রিজাইডিং অফিসারের একটি দলের পক্ষে কাজ করা ও ভোট কেন্দ্র দখল ইত্যাদি।
রিজভী আহমেদ আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান র্যাব, পুলিশ ও সেনাবাহিনী কোনো কোনো স্থানে একটি দলের পক্ষে কাজ করেছেন বলেও অভিযোগ করেন। তিনি বলেন, '' বরিশালে এক উর্ধ্বতন সেনা অফিসার তার ছোট ভাইয়ের পক্ষে কাজ করেছেন বলে আমাদের কাছে অভিযোগ এসেছে। নৌবাহিনীর একজন কর্মকর্তাও বিরুদ্ধেও অভিযোগ উঠেছে। আমরা এসব অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানিয়েছি।
ঢাকা সিটি কপোরেশনের ওয়ার্ড মহিলা কমিশনার সুরাইয়া বেগমসহ কয়েকজন প্রতিপক্ষের আক্রমণে আহত হয়েছেন বলে উল্লেখ করেন রিজভী। কিশোরগঞ্জে একজন সহকারি প্রিজাইডিং অফিসার জাল ভোট দিতে গিয়ে ধরা পড়েছেন বলেও তিনি জানান।
রিজভী আরও বলেন,''আমাদের চেয়ারপার্সন আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন, নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের ষড়যন্ত্র চলছে।"
নবম জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ২৯৯টি সংসদীয় আসনে মোট ৩৫ হাজার ২৬৩টি কেন্দ্রে সোমবার ভোট গ্রহণ হয়।
এর আগে সন্ধ্যা ৭টায় সংবাদ ব্রিফিংয়ে রিজভী আহমেদ বলেন, "সারাদেশের ৭২টি আসনে ২২০টি কেন্দ্রে নানা অনিয়ম হয়েছে। এ অভিযোগ আরও বাড়তে পারে।"
তিনি বলেন, "ওইসব কেন্দ্রে আমাদের (বিএনপি) পোলিং এজেন্টদের প্রতিপক্ষ মহাজোটের লোকেরা জোর করে বের করে দেয়। আমাদের সমর্থকদেরও সেখানে ভোট দিতে দেওয়া হয়নি।"
রিজভী অভিযোগ করেন, বৈধ কাগজপত্র থাকার পরও বিভিন্ন স্থানে বিএনপির প্রার্থীদের গাড়ি আটক করা হয়।
তিনি বলেন, "বিএনপি আগে থেকে যে আশঙ্কা প্রকাশ করেছিল, নির্বাচনে সে আলামতই ঘনীভূত হচ্ছে।"
গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।
এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর কয়েকটি কেন্দ্র ঘুরে সাংবাদিকদের বলেন, "সুষ্ঠু নির্বাচনী পরিবেশে সুন্দরভাবে ভোটগ্রহণ হবে বলে প্রত্যাশা ছিল। কিন্তু অব্যবস্থাপনার জন্য ভোট দিতে দেরি হচ্ছে।"
সুষ্ঠু নির্বাচন হলে চারদলীয় জোট বিপুল ভোটে বিজয়ী হবে বলে দাবি করেন খালেদা।
সোমবার নবম সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয় বিকাল ৪টায়।
বেসরকারি ফলাফল নির্বাচন কমিশন ঘোষণা করার পর তা বিএনপির গুলশানের কার্যালয় থেকেও সাংবাদিকদের জানানো হবে বলে রিজভী আহমেদ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/এসকে/২৩২৭ঘ.
bdnews24