ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনে অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেছে চারদলীয় জোট।
সোমবার রাত সাড়ে ৯টায় বিএনপি ও জামায়াতের মাঝারি সারির কয়েকজন নেতার প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে এ অভিযোগ করে।
প্রতিনিধিদলে ছিলেন- বিএনপি নেতা মির্জা আব্বাস, সাহাবুদ্দিন লাল্টু, জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লা ও জসীম উদ্দিন সরকার।
সাক্ষাতে ওই নেতারা প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) বলেন, আগে থেকেই তারা বলে আসছিলেন- মহাজোটের পক্ষে প্রশাসন কাজ করছে। তাদের এ আশঙ্কা সত্যি হয়েছে। ইসি এক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নিতে পারেনি।
আধঘণ্টা বৈঠক শেষে মির্জা আব্বাস সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, "নির্বাচনের সম্পূর্ণ প্রক্রিয়া নিয়ে আগে থেকেই আমাদের একটি আশঙ্কা ছিল। নির্বাচন কমিশনকে (ইসি) এ বিষয়ে অভিযোগও করেছিলাম। শেষ পর্যন্ত সেটাই সত্যি হয়েছে।"
তারা কী অভিযোগ করেছিলেন এবং কী হয়েছে তা জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, "সেটা ইসিই ভাল জানে।"
এরপর চারদলের প্রতিনিধিরা দ্রুত নির্বাচন কমিশন ত্যাগ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/ডিডি/এসকে/২৩০২ঘ.
bdnews24