২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লার সাবেক বিএনপি সাংসদ মঞ্জুরুল আহসান মুন্সী গ্রেপ্তার

নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপির সাবেক সাংসদ মঞ্জুরুল আহসান মুন্সীকে সোমবার বিকেলে গ্রেপ্তার করেছে দেবিদ্বার থানা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2008, 02:03 PM

Updated : 26 Aug 2022, 02:52 PM

কুমিল্লা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপির সাবেক সাংসদ মঞ্জুরুল আহসান মুন্সীকে সোমবার বিকেলে গ্রেপ্তার করেছে দেবিদ্বার থানা পুলিশ। কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের মোহনপুর কেন্দ্র থেকে বিকেল ৪টায় তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সুপার ইমতেয়াজ আহম্মেদ গ্রেপ্তারের কথা স্বীকার করে বলেন, "নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।" দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদ হোসেন জানান, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের বিএনপি প্রার্থী তার স্ত্রী সাজেদা মুন্সীর পে বিভিন্ন কেন্দ্রে অবৈধ অনুপ্রবেশ ও প্রভাব বিস্তার করার চেষ্টার অভিযোগে মোহনপুর কেন্দ্র থেকে বিকেল ৪টায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঞ্জুরুল আহসান মুন্সীর বিরুদ্ধে প্রার্থীর গাড়ি চালকের পরিচয়পত্রে নিজের নাম বসিয়ে বিভিন্ন কেন্দ্রে ঘুরে বেড়ানোর অভিযোগও আনা হয় বলেও জানান তিনি। ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, হুমকি দেওয়ার অভিযোগে মঞ্জুরুল আহসান মুন্সীর বিরুদ্ধে কুমিল্লা জেলা প্রশাসক মঞ্জুরুর রহমান এবং দেবিদ্বার এলাহাবাদ কলেজের প্রভাষক জাকির হোসেন দেবিদ্বার থানায় পৃথক দু'টি সাধারণ ডায়রি করেছেন। জেলা প্রশাসক মঞ্জুরুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ আসনে নিজের স্ত্রীর প্রধান নির্বাচনী এজেন্ট ছিলেন মুন্সী। কিন্তু কারাদণ্ড হওয়ায় তিনি নির্বাচনে অযোগ্য হন এবং প্রধান নির্বাচনী এজেন্ট হওয়ার অনুমতিও বাতিল হয়ে যায়। এ কারণে তিনি গত রোববার আমাকে মোবাইল ফোনে হুমকি দেন।" এ অভিযোগে জেলা প্রশাসক রোববার রাত ১০টায় কুমিল্লা কোতয়ালি থানায় মুন্সীর বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেছেন বলেও জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৮২৯ ঘ.