ঢাকা, ২৯ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ভোট যাদের জীবন বদলায় তারা ভোট দিল। ভোট যাদের জীবন বদলায় না তারাও ভোট দিল। আর তাই ভোটদানের অতীত রেকর্ড ভেঙ্গেচুরে প্রায় চুরমার। সংখ্যায় যেমন, শৃংখলায়ও তেমন।
সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকার গোটা ছয়েক কেন্দ্র ঘুরেছি। দেখে দেখে প্রশ্ন জাগল, দেশে কি আইনের শাসন তাহলে প্রতিষ্ঠিত হয়ে গেল! সংঘাত ঘটা না ঘটা পরের ব্যাপার, কিন্তু সংঘাতের হাওয়াটাই নেই কোথায়! আছে উৎসাহ। তার চেয়ে বেশি কৌতূহল। কর্মীদের টেনশন। এই পর্যন্তই। না এটা একটুও আমাদের চিরচেনা বাংলাদেশের ভোটের ছবি নয়।
বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে একটা সরকার প্রতিষ্ঠিত হয়ে একটা দল ৫ বছরের জন্য দেশ শাসনের অধিকার পায়। দলগুলো শাসন বলে না বলে দেশসেবা এবং আমরা যা দেখি তা হলো দেশশোষন। সরকারের জায়গায় যা গঠিত হয় তা দলতন্ত্র। দলীয় কর্মীদের টু পাইস কামানোর অবারিত সুযোগ, বিপক্ষকে যথেচ্ছ নাস্তানাবুদ করার লাইসেন্সও তাদের হাতে থাকে। তা এই যখন সুযোগ তখন ভোট আসলে দলীয় কর্মীদের জন্য জীবন বদলের সুযোগ। ঢাকা বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুলের সামনে দাঁড়িয়ে তেমন একটা দলের সঙ্গে কথা হচ্ছিল। ওরা সবাই-ই কম-বেশি ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। সুবাদে গত ৫-৭ বছর আয়-রোজগার কম হয়নি। এখন সেই পথ খোলা থাকবে নাকি বন্ধ হয়ে যাবে ভোটটা হচ্ছে তাদের কাছে সেই মীমাংসার ক্ষেত্র। কাজেই তারা যে সারাদেশে ধানের শীষের জোয়ার দেখবে, খালেদা জিয়ার ক্ষমা প্রার্থনার ভাষণকে গেটিসবার্গ ভাষণের মতো স্মরণীয় ব্যাপার মনে হচ্ছে। কাজেই আত্মবিশ্বাস তখনও আছে। একজন বললেন,''অনেকেই অনেক কথা বলছে, কিন্তু আমাদের ভোট কথা বলে না। জায়গামতো সিলটা মেরে চুপ করে বাড়িতে গিয়ে বসে থাকে।''
''কিন্তু তারপরও যদি তোমরা হেরে যাও তাহলে কী হবে? খুব সমস্যায় পড়ে যাবে না!''
''সমস্যা মানে! কতোগুলো মামলা আছে, সেগুলোর জন্য পুলিশ আবার দৌড়ানো শুরু করবে। তাও না হয় সামাল দেয়া গেল, কিন্তু নতুন যে আবার হবে।''
''গত কয়েক বছরে যে ব্যবসা-বাণিজ্য হয়েছে তাতে কি সামাল দেয়া যাবে না!''
''সেগুলো টিকিয়ে রাখতে পারলে তো সমস্যা হতো না। কিন্তু...''তারপর প্রায় স্বগতোক্তি, ''না। এবার অন্যরকম হবে। আগের মতো নিশ্চয়ই কেউ জিতলেই আর বিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়বে না!''
এই শেষটুকুই আশার কথা। এমনকি কর্মীরাও মনে করে দল ক্ষমতায় এলে আগের মতো খাওয়া যাবে না। দল বিরোধী দলে গেলেও আগের মতো মার খেতে হবে না!
শুনতে শুনতে মনে হচ্ছিল সত্যিই যদি এমন হতো! সরকার শুধু আমাদের শাসন করল, শোষণ না। দেশ সেবা-টেবা ওসব না হলেও আমাদের চলে দিব্যি চলে যাবে!
ভোট যাদের জীবন বদলায় না তারা হলো সাধারণ মানুষ, মানে আম-জনতা। আমি এক বন্ধুকে জানি যিনি ২০০১ সালের আগে জীবন দিয়ে চেষ্টা করেছিলেন যেন চারদলীয় জোট ক্ষমতায় যায়। গেল, তিনি খুশি হয়ে একটা ছোট-খাট পার্টিও আয়োজন করলেন। কয়েক মাস পর তার ফোন পেলাম। উদ্বিগ্ন গলা। জানা গেলো, স্থানীয় কিছু সরকারদলীয় কর্মী তার কাছে চাঁদা দাবি করেছে। সান্ত্বনা দিয়ে বললাম, ''আপনি বলুন যে আপনি ওদের দলের সমর্থক। তাহলেই তো হয়!'' ভাঙ্গা গলার উত্তর,''না রে ভাই। ওসবে লাভ নেই। ভোটের সময় ছাড়া ওদের সমর্থক দরকার হয় না।'' এই হলো সাধারণ মানুষের নির্বাচনী লাভ-ক্ষতির অংক। তবু তারা লাইন ধরে ভোট দেয়। এবার দিলো আরও বেশি করে। কারণ? বাংলা মটর এলাকার নির্বাচনী কেন্দ্রের একজন বলছিলেন, ''লাভ-ক্ষতি না হোক, নির্বাচন কিন্তু মানুষের একটা জবাব। ভবিষ্যতে লাভ হোক না হোক অতীতে যা হয়েছে তার প্রতি অনাস্থা তো জানানো যায়।'' এই অনাস্থা প্রতি ভোটেই মানুষ জানায়। তবু বাংলাদেশের নির্বাচনী ইতিহাস হলো ইতিহাসের শিক্ষা কেউ নেয় না! ক্ষমতায় গিয়ে সেই লংকা-রাবনের গল্প! এবারও কি?
আশাবাদী হতে এক-আধটু লোভ কিন্তু হচ্ছে। নির্বাচনী প্রচার কিংবা নির্বাচনে বড় কোনো গোলমাল হয়নি বলেই শুধু নয়। আর তাতে ভীতিমুক্ত সাধারণ মানুষও নিজেদের ভাবছে প্রক্রিয়ার অংশ। বাংলা মটর কেন্দ্রে একজন ভোটারের নাম্বার পাওয়া যাচ্ছে না, দেখলাম এগিয়ে এসে আরও কয়েকজন তাকে সাহায্য করছেন, পরামর্শ দিচ্ছেন। এটা যদি হতো আগের কোনো নির্বাচন তাহলে প্রথম কাজটা হতো দুই দলের কর্মীরা বোঝার চেষ্টা করত আগে তিনি কার ভোটার। সেটা বুঝে পছন্দ হলে তবেই সাহায্যের প্রশ্ন। আর সাধারণ মানুষ এসব দেখে নিরাপদ দূরত্বে থাকাই মনে করত বুদ্ধিমানের কাজ। এবার সাধারণ মানুষও নির্বাচন স্বচ্ছ আর গ্রহনযোগ্য করাকে দায়িত্ব মনে করছে। পরিবর্তনের আবছা ইঙ্গিত কিন্তু আছেই।
আরও সাধারণ কিছু মানুষ আছে। আরও কম তাদের চাহিদা। ভোটের দিনে ভোটটা দিয়ে দেয়, তারপর ৫ বছরের জীবন-যুদ্ধে আর রাজনীতি নিয়ে ভাবার সময়ই থাকে না। তেমন একজন রিকশাশ্রমিক তার পছন্দের প্রতীকে ভোট দেয়ার কারণটা ব্যাখ্যা করলেন এভাবে, ''আমরা ভাই যা পাই তা দিয়ে দিনে এক কেজি চাল আর ডাল কিনতে চাই। ব্যস এটুকুই।'' না, দুর্নীতি করে বিদেশে টাকা পাচারে তাদের কোনো সমস্যা নেই; কারণ রাজা-বাদশাদের এসব করা স্বাভাবিকই মনে করে তারা। সন্ত্রাসও ওদের জন্য এমন কিছু ব্যাপার নয়; তাদের আছে কী আর নেবে কী! দেশের সার্বভৌমত্বের চিন্তাও খুব একটা নেই; যে খেতে পায় না তার আবার দেশ! তার এক এবং অদ্বিতীয় সমস্যা দ্রব্যমূল্য। আর তার ভিত্তিতেই সমাজের একদম পিছিয়ে থাকা শ্রেণী একটা সিদ্ধান্ত নিয়ে নেয়। অগ্রসর আর সচেতন শ্রেণীর মতো রাজনীতি, আদর্শ, ভবিষ্যত এসব বহুমুখী ভাবনা নেই বলে ওরা প্রায় ক্ষেত্রেই একমুখী।
তার কথাগুলো কাটাকুটি করতে করতে মনে হচ্ছিল, আমরা ৫ বছর কতোরকম অংক করি। টক শোতে ঝড় তুলি, পত্রিকার পাতা ভরে ফেলি, অথচ প্রায় পুরোপুরি রাজনৈতিক বোধশূন্যরা একদিনের ম্যাজিকে হয়ত রাজনীতির গতিপথটা ঠিক করে দিয়ে দেয়! এবং সেটা নিয়ে পরের ৫ বছর আমরা আরও আরও গবেষণা করি।
নির্বাচনী ডামাডোলের বাইরে থেকেও তারাই বোধহয় নির্বাচনী ঢোলের আসল ঢোলক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/১৬৪৫ঘ.
bdnews24