২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইসিতে আ'লীগ-বিএনপি'র পাল্টাপাল্টি অভিযোগ

নির্বাচন কমিশনে (ইসি) পাল্টাপাল্টি অভিযোগ করেছে দেশের দুই প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। মহাজোটের প্রধান দল আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বী বিএনপির বিরুদ্ধে নির্বাচনী বিধি লঙ্ঘনের চারটি অভিযোগ এনেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2008, 11:11 AM

Updated : 07 Jul 2022, 05:50 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশনে (ইসি) পাল্টাপাল্টি অভিযোগ করেছে দেশের দুই প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি।

মহাজোটের প্রধান দল আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বী বিএনপির বিরুদ্ধে নির্বাচনী বিধি লঙ্ঘনের চারটি অভিযোগ এনেছে। অন্যদিকে চার দলীয় জোটের প্রধান দল বিএনপি অভিযোগ করেছে, আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের কর্মীরা বিভিন্ন স্থানে বিএনপি প্রার্থী ও কর্মীদের মারধর করেছে এবং তাদের কর্মীদের মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে।

কমিশনে অভিযোগ জমা দেওয়ার পর উভয় প্রতিনিধি দল সাংবাদিকদের কাছে তাদের অভিযোগগুলো তুলে ধরেন। কমিশন বলছে, এসব অভিযোগ তদন্ত করে দেখার জন্য পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক সচিব মোহাম্মদ আলীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল দুপুর আড়াইটার দিকে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জমা দেন।

দলটির অভিযোগগুলো হচ্ছে- নির্বাচনের আগের দিন রোববার ও তার আগের দিন রাত ১২টার পরও খালেদা জিয়া গণসংযোগ করেছেন; ২৭ ডিসেম্বর খালেদা জিয়ার জাতির উদ্দেশে দেওয়া ভাষণের মঞ্চের সামনে বিএনপির নির্বাচনী স্লোগান ছিল;
সিলেট-১ আসনে নির্বাচন পর্যবেক্ষকদের মধ্যে চারদলের বিপুল সংখ্যক সমর্থক ছিল এবং রোববার রাতে ভোট কেনার জন্য বেশ কয়েকটি আসনে টাকা বিতরণ করেছে চারদল।

এসব অভিযোগের বিষয়ে নির্বাচনী বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে আওয়ামী লীগ।

প্রতিনিধি দলে মোহাম্মদ আলীর সঙ্গে ছিলেন আওয়ামী লীগ নেতা এম আই তালুকদার, কাজী রিয়াজুল হক, সরোয়ার হোসেন, সৈয়দ কামরুল হোসেন, ফরিদ আহমেদ আব্দুল লতিফুর রহমান, মফিজুর রহমান এবং সুভাষ চন্দ্র সিংহ রায়।

অন্যদিকে হাবিবুর রহমানের নেতৃত্বে বিএনপি প্রতিনিধি দল দুপুরে মহাজোটের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেয়।

বিএনপির অভিযোগগুলো হচ্ছে- রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিএনপির প্রার্থী মোয়াজ্জেম হোসেন আলালকে মহাজোটের লোকজন মারধর এবং তার গাড়ি ভাঙচুর করে। লক্ষ্মীপুরের ৪টি ভোট কেন্দ্র দখল করেছে মহাজোটের লোকজন। নোয়াখালী-৩, চট্টগ্রাম-৮, মাগুরা-১, মৌলভীবাজার-৪ এবং কুড়িগ্রাম-২ আসনে চারদলীয় জোটের কর্মীদেরকে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

এসব অভিযোগের বিষয়ে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিএনপি।

দলটির প্রতিনিধি দলে আরও ছিলেন বাবুল আহমেদ, হুমায়ুন কবির বুলবুল, গোলাম মর্তুজা, সাইদুর রহমান, এস এম জলিল, মুশফিকুল রহমান আনসারী।

নির্বাচন কমিশনের যুগ্ম-সচিব ও আইনশৃঙ্খলা কমিটির সমন্বয়ক রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কমিশন এসব অভিযোগ তদন্ত করে দেখার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এজে/জেকে/এমএইচবি/১৬৫৬ ঘ.