ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। সোমবার সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ, দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া চলছে শান্তিপুর্ণভাবেই। সারা দেশ থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিরা জানাচ্ছেন। (আরও তথ্যসহ)
চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরী এবং এর বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, শীতের কুয়াশা কাটিয়ে সূর্যের আলো আসার আগেই মানুষ ছুটতে শুরু করে নগরীর ভোট কেন্দ্রগুলোর দিকে। রিক্সা ছাড়া অন্য কোনো যানবাহন চলছে না বলে পায়ে হেঁটেই নিজ নিজ ভোটকেন্দ্রে হাজির হয়েছেন অনেক ভোটার। ভোটগ্রহণ শুরুর আগেই কোনো কোনো কেন্দ্রে ভোটারদের লাইন কোথাও দু-তিনশ গজ ছাড়িয়ে যায়। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে লাইনের দৈর্ঘ। প্রায় সব কেন্দ্রেই নারী ভোটারদের স্বতঃস্ফুর্ততা ছিল চোখে পড়ার মতো। কোন কোন কেন্দ্রে পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি ছিল অনেক বেশি।
সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম-৯ আসনের দামপাড়া পুলিশ লাইন ভোটকেন্দ্রে ভোটারদের লাইন তিন-চারশ গজ ছাড়িয়ে যায়।
চট্টগ্রাম -৭ আসনের এখলাসুর রহমান সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল দশটায় পুরুষ ভোটারদের লাইন তিনশ গজ এবং নারী ভোটারদের লাইন চারশ গজ ছাড়িয়ে যায় ।
খুলনা: সকাল ১০টা পর্যন্ত খুলনা বিভিন্ন ভোট কেন্দ্রে ৩০ থেকে ৩২ ভাগ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
নগরীর বিকে ইউনিয়ন ইনস্টিটিউশন কেন্দ্রের পুরুষ বুথে ৩৭২ জন ভোটারের মধ্যে ১৩১ জন ভোটার ভোট দিয়েছেন সকাল ১০টার মধ্যে। এই কেন্দ্রের মহিলা বুথে ২৪৬ জন ভোটারের মধ্যে ৮২ জন ভোটার ভোট দিয়েছেন ওই সময়ের মধ্যে।
নাতির হাত ধরে, লাঠিতে ভর দিয়ে এই কেন্দ্রে ভোট দিতে এসেছেন ৯০ বছর বয়সী বৃদ্ধ রামপ্রসাদ মাউ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিকে তিনি জানান, খুব সুন্দর ভোট হচ্ছে। এরকম পরিবেশ দরকার ভোট দেয়ার জন্য।
রাজশাহী: রাজশাহীর ছয়টি আসনের বিভিন্ন কেন্দ্রে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। একটি কেন্দ্র ছাড়া কোথাও অপ্রীতিকার ঘটনা ঘটেনি। রাজশাহী-২ আসনে রাজশাহী সদরের মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একজনের ভোট অন্যজন দিয়ে দিয়েছেন বলে এক ভোটার অভিযোগ করেছেন। লিখিত অভিযোগ পাওয়া সাপেক্ষে বিষয়টি খতিয়ে দেখা হবে জানিয়েছে প্রিসাইডিং অফিসার শওকত আলী।
বরিশাল: জেলার ছয়টি নির্বাচনী আসনে কোথাও অপ্রীতিকর বা সংঘর্ষের ঘটনা ঘটেনি। দুপুর একটা পর্যন্ত অন্তত ৬০ শতাংশ ভোট পড়েছে বলে রিটার্নিং অফিসার মুশফিক আহমেদ শামীম জানান। তিনি বলেন, ভোটার আইডি হওয়ায় এবং সকালের দিকে ভোটার উপস্থিতি বেশ ভালো থাকায় ভোটগ্রহণের হার ভাল।
টাঙ্গাইল: সকাল ১১টা পর্যন্ত টাঙ্গাইলের বিভিন্ন কেন্দ্রে প্রায় ৩০ শতাংশ ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। টাঙ্গাইলের ৮ টি আসনের ৮শ'৭৯ টি ভোট কেন্দ্রে প্রায় ২৩ লাখ ভোটার ভোট প্রয়োগ করবেন। এ রির্পোট লেখা পর্যন্ত প্রার্থীরা শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে বলে জানান। জেলার ৮ টি আসনে মহাজোট , চারদলীয় জোট সহ ৩৯ জন প্রার্থী এবারের নির্বাচনে অংশ নিয়েছেন। জেলার ৮৭৯ টি ভোট কেন্দ্রের মধ্যে ৩৩১ টি ঝুকিপূর্ণ ভোট কেন্দ্রকে কড়া নজরদারির মধ্যে রেখেছে সংশি
bdnews24