২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুপুরের মধ্যে ৫০ শতাংশ ভোট পড়েছে: সিইসি

সোমবার দুপুরের মধ্যে সারাদেশের ভোটকেন্দ্রগুলোতে প্রায় ৫০ শতাংশ ভোট পড়ার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা। বেশ কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখার পর মুন্সীগঞ্জে তিনি দুপুর পৌনে ২টার দিকে এ কথা বলেন। সিইসি আশা প্রকাশ করে বলেন, "এখন কিছুটা মন্থর হলেও দুপুরের পরে ভোটগ্রহণ আরও গতিশীল হয়ে উঠবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2008, 08:16 AM

Updated : 26 Aug 2022, 02:53 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সোমবার দুপুরের মধ্যে সারাদেশের ভোটকেন্দ্রগুলোতে প্রায় ৫০ শতাংশ ভোট পড়ার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা। বেশ কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখার পর মুন্সীগঞ্জে তিনি দুপুর পৌনে ২টার দিকে এ কথা বলেন। সিইসি আশা প্রকাশ করে বলেন, "এখন কিছুটা মন্থর হলেও দুপুরের পরে ভোটগ্রহণ আরও গতিশীল হয়ে উঠবে।" প্রধান নির্বাচন কমিশনার এরআগে কয়েকটি কেন্দ্র ঘুরে দেখার পর বলেন, "এসব কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা জানিয়েছেন দুপুর ১২টা পর্যন্ত ৫০ শতাংশ ভোট কাস্ট হয়েছে। কোন কোন কেন্দ্রে ৭০ শতাংশ ভোট কাস্ট হয়েছে।" এই হারে ভোট পড়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি। সোমবার সকালে ঢাকা ও আশেপাশের জেলাগুলোতে ভোটকেন্দ্র পরিদর্শনে বের হন সিইসি। তার সঙ্গে থেকে থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি মঈনুল হক চৌধুরী জানিয়েছেন, দুপুর পর্যন্ত ঢাকার ফকিরাপুল আনন্দভবন কেন্দ্র, কাজলার জামিলাতুন্নেসা মহিলা মাদ্রাসা, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ, মুন্সিগঞ্জ পঞ্চসার দারুস সুন্নত ইসলামিয়া মাদ্রাসা ও মুঞ্জিগঞ্জ ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ কেন্দ্র ঘুরে দেখেন প্রধান নির্বাচন কমিশনার। "জাতীয় পরিচয়পত্র পেয়েও অনেক ভোটারের বিভিন্ন ভোট কেন্দ্রের তালিকায় নাম না থাকার" অভিযোগ সম্পর্কে জিজ্ঞেস করা হলে শামসুল হুদা বলেন, "বিষয়টি আমিও শুনেছি। এ বিষয়ে কী ব্যবস্থা নেওয়া যায় তা দেখা হচ্ছে। তাৎক্ষণিকভাবে কী করা যায় সে ব্যাপারে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারকে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে।" নারায়ণগঞ্জের সরকারি মহিলা ভোট কেন্দ্র পরিদর্শনকালে এমন কয়েকটি সমস্যা দেখার পর তিনি প্রিজাইডিং অফিসারকে জাতীয় পরিচয়পত্র পাওয়া ব্যক্তিরা অন্য কেন্দ্রের ভোটার কিনা তা খতিয়ে দেখতে বলেন। আগামীতে যাতে এ ধরণের ঝামেলায় পড়তে না হয় সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমএ/এমএইচবি/১৪২৪ ঘ. বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমএ/এমএইচবি/১৪০৮ ঘ.