২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা, ১৪, ১৫ ও ১৬ এ শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে

ঢাকা, ১৪, ১৫ ও ১৬ আসনের বিভিন্ন কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। এসব আসনের প্রার্থীরাও সুষ্ঠুভাবেই ভোট গ্রহণ হচ্ছে বলে অভিমত দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2008, 07:28 AM

Updated : 26 Aug 2022, 02:53 PM

মহসিনুল করিম ও সায়েদ তালাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা,ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ঢাকা, ১৪, ১৫ ও ১৬ আসনের বিভিন্ন কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। এসব আসনের প্রার্থীরাও সুষ্ঠুভাবেই ভোট গ্রহণ হচ্ছে বলে অভিমত দিয়েছেন। সোমবার সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত ঢাকা-১৫ আসনের শ্যাওড়াপাড়া হাজী আশরাফ আলী স্কুল, শ্যাওড়াপাড়া ইস্ট-ওয়েস্ট কিন্টারগার্টেন,শ্যাওড়াপাড়া আইডিয়াল স্কুল, কাজী পাড়া দাখিল মাদ্রাসা, ঢাকা-১৬ আসনে মীরপুর ১০ নম্বরের মধুবেপারী স্কুল অ্যান্ড কলেজ, প্রগতি স্কুল, ঢাকা ১৪ আসনের মীরপুর ন্যাশনাল বাঙলা হাই স্কুল,মীরপুর প্রথম কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মীরপুর সিদ্ধান্ত হাইস্কুল কেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে এসব কেন্দ্রে শুরু থেকেই ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। দীর্ঘ লাইন ধরে ভোটাররা ভোট দিচ্ছেন। অনেক কেন্দ্রে সকাল সাতটা থেকেই লাইন শুরু হয়। কিছু কেন্দ্রে ভোট পড়ার গতি দ্রুত হলেও কোথাও কোথাও ধীরগতি লক্ষ্য করা গেছে। এর মধ্যে হাজী আশরাফ আলী স্কুল ও মীরপুর সিদ্ধান্ত হাইস্কুল কেন্দ্রে ধীরগতি দেখা যায়। অবশ্য মীরপুর সিদ্ধান্ত হাইস্কুল কেন্দ্রের পিজাইডিং অফিসার আব্দুল করিম সরকার দাবি করেছেন ইতোমধ্যে পঞ্চাশ শতাংশ ভোট পড়েছে। আশরাফ আলী স্কুল কেন্দ্রের একজন সহকারি প্রিজাইডিং অফিসার আব্দুল মালেক বলেন, "কিছু লোক ভোটার স্লিপ ছাড়াই ভোট কেন্দ্রে আসায় তাদের ভোটার নম্বর পেতে একটু দেরি হচ্ছে। তবে যারা স্লিপ নিয়ে এসেছেন তাদের কোন সমস্যা হচ্ছে না।" ন্যাশনাল বাঙলা হাইস্কুল কেন্দ্রে গিয়ে দেখা গেছে শহিদুল ইসলাম নামে এক ব্যক্তি জাতীয় পরিচয়পত্র নিয়ে এলেও ভোটার তালিকায় নাম থাকায় ভোট না দিয়েই হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। ঢাকা-১৪ আসনে চারদলীয় জোট প্রার্থী এসএ খালেক সিদ্ধান্ত হাই স্কুল পরিদর্শনকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন," এখন পর্যন্ত নির্বাচন সুষ্ঠু হচ্ছে। কোথাও কোন রকম গণ্ডগোল বা বিশৃঙ্খলা হয়নি। ভোটাররা বিপুল উৎসাহ নিয়ে ভোট দিতে আসছেন।" একই কেন্দ্র পরিদর্শনকালে মহাজোট প্রার্থী আসলাম হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন "নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটছে না।" ঢাকা-১৫ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন "নির্বাচন সুষ্ঠু হচ্ছে।" জয়ের ব্যাপারেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।" ঢাকা-১৬ আসনে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া মীরপুর বাঙলা স্কুল কেন্দ্রে দলবল নিয়ে ভেতরে ঢুকতে চাইলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাধা দেন এবং তাকে একা ঢুকতে অনুরোধ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এটি/এমএ/এসকে/১৩১৬ঘ.