ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনে ৭০ থেকে ৭৫ শতাংশ ভোটগ্রহণ হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা।
সোমবার সকালে ১০টা ০৫ মিনিটে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সস্ত্রীক ভোট দেন সিইসি। (আরও তথ্যসহ-১)
এরপর সাংবাদিকরা তার কাছে 'এবার কতভাগ ভোট গৃহীত হতে পারে' জানতে চাইলে তিনি বলেন, "শান্তিপূর্ণ পরিবেশে যেভাবে ভোটগ্রহণ চলছে তাতে আমরা আশা করি দিনশেষে তা ৭০ থেকে৭৫ শতাংশে পৌঁছবে।"
তিনি বলেন, "৭৫ শতাংশ ভোটগ্রহণকে আন্তর্জাতিকভাবে স্টান্ডার্ড মান ধরা হয়।"
সারাদেশে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে উল্লেখ করে সিইসি বলেন, "ঈদের আমেজের মতো ভোটারদের উপচেপড়া ভিড় লক্ষ করছি। শীতের মধ্যেও টাকা খরচ করে মানুষ গ্রামের দিকে ছুটছে ভোট দেওয়ার জন্য।"
তিনি বলেন, "ভোটারদের কাছে আমার অনুরোধ, তারা যেন ভাল প্রার্থীদের বেছে নেন।"
আরেক প্রশ্নের জবাবে সিইসি বলেন, "ভোটের ফলাফল সবাই মেনে নেবে। কারণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমেই ভোটগ্রহণ হচ্ছে।"
সিইসি জানান, টাঙ্গাইলে যে প্রিজাইডিং অফিসার ভোটের আগে ব্যালট পেপারে সিল মেরেছে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। ওই কেন্দ্রে নতুন কর্মকর্তাদের দিয়ে ভোটগ্রহণ চলছে।
তিনি বলেন, "জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের ভ্রাম্যমাণ অবস্থায় কার্যক্রম পরিচালনার জন্য রাতেই নির্দেশ দেওয়া হয়েছে।"
প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদও সকাল ১০টার দিকে এ কেন্দ্রে ভোট দেন।
প্রধান নির্বাচন কমিশনার তার ভোট দেওয়ার পর কমিশন কার্যালয়ে যান। এরপর বেলা সাড়ে ১১টার দিকে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শনের জন্য বের হয়ে যান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এজে/এমএইচবি/এসকে/১২০০ ঘ.
bdnews24