ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-১৭ (গুলশান-ক্যান্টনমেন্ট) আসনে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে ভোট হচ্ছে। এ আসনের গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং বনানী বিদ্যা নিকেতন ভোট কেন্দ্রে সকাল সোয়া ১০টা পর্যন্ত চারশ'র বেশি ভোটার ভোট দিয়েছেন।
রাজধানীর অভিজাত এলাকাটির এ আসনে নবম সংসদ নির্বাচনে চারদলীয় জোটের প্রার্থী এ এস এম হান্নান শাহ লড়ছেন ধানের শীষ প্রতীক নিয়ে। এখানে লাঙ্গল প্রতীকে লড়ছেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। আর কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম লড়ছেন হাতঘড়ি প্রতীক নিয়ে।
গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সকালে পুরুষ ভোটারদের উপস্থিতি বেশি দেখা গেছে। তবে মহিলা ভোটারের সংখ্যাও সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করেছে।
কেন্দ্রটিতে সকাল সোয়া ৯টা পর্যন্ত কেন্দ্রটির বুথ-১ (মহিলা) এ ১৬টি; বুধ-২ (মহিলা) এ ৮টি; বুথ-৩ (মহিলা) এ ২০টি এবং বুথ-৪ (মহিলা) এ ২০টি ভোট পড়েছে।
মিসেস রহমত উল্লাহ নামের এক ভোটার ভোট দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে ভোট হচ্ছে। ভোট ভালো হচ্ছে। কোনো ভয়ভীতি নেই। টাকা-পয়সার কোনো অফার নেই। দেশ ভালোর দিকে যাচ্ছে।"
সাইফুন রহমান নামের আরেক মহিলা বলেন, "খুব কড়াকড়ি করে ভোট নেওয়া হচ্ছে। ভোটারদের ভালোমতো বাছাই করা হচ্ছে। গতবারের চেয়ে এবারের পরিবেশ ভাল। "
এ কেন্দ্রের বুথ-৫ (পুরুষ) এ সকাল ৯টা ২৬ মিনিট নাগাদ ৫৬টি; বুথ ৬ (পুরুষ ) এ ৯টা ২৭মিনিট নাগাদ ৪২টি এবং বুথ-৪ (পুরুষ) এ ৯টা ২৯ মিনিট নাগাদ ৫৩টি ভোট পড়ে।
আবু মোহাম্মদ শামসুজ্জামান (৬০) নামের এক ভোটার তার ভোট দেওয়ার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভেরি কমফোর্টেবলি ভোট দিয়েছি।"
ভোটের পরিস্থিতি সম্পর্কে প্রিজাইডিং কর্মকর্তা নিজামুদ্দীন আহমেদ বলেন, "এখন পর্যন্ত জালভোট পড়েনি। উপস্থিতি কম,তবে বাড়বে। ভোটার নাম্বার চিহ্নিত করতে একটু সময় লাগছে।"
এ কেন্দ্রে প্রার্থীদের এজেন্টদের দেওয়া ভোটার নাম্বার এবং বুথের ভোটার নাম্বারে গড়মিল হওয়ায় কেউ কেউ ভোট দিতে পারছেন না বলে অভিযোগ পাওয়া গেছে।
মমতাজ ফরিদ নামের এক ভোটার বলেন, "প্রার্থীদের এজেন্টদের দেওয়া ভোটার নাম্বার এবং বুথের নাম্বারে মিল নাই। আমাকে কেউ সাহায্য করছে না।"
বনানী বিদ্যা নিকেতন কেন্দ্রে মহিলা ও পুরুষ উভয় ভোটারদের প্রচুর উপস্থিতি দেখা গেছে।
কেন্দ্রটির বুথ-১ (মহিলা) এ সকাল ৯টা ৫৮ মিনিট পর্যন্ত ৭৮টি; বুথ-২ (মহিলা) এ ৯টা ৫৯ মিনিট পর্যন্ত ৬২টি; বুথ-৩ (মহিলা) এ ১০টা পর্যন্ত ৬৪টি এবং বুথ-৪ (মহিলা) এ ১০টা পর্যন্ত ৫৯টি ভোট পড়েছে।
অন্যদিকে, বুথ-৪ (পুরুষ) এ ১০টা ৬ মিনিট পর্যন্ত ৯৩টি এবং বুথ-৫ (পুরুষ) এ ১০টা ৭ মিনিট পর্যন্ত ৮৫টি ভোট পড়েছে।
আলাউদ্দিন রেজা নামের এক ভোটার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " ভয়ভীতি বা টাকা পয়সার প্রলোভন নেই। আইডি কার্ড থাকায় গতবারের চেয়ে এবারের ভোট আলাদা।"
ভোটের পরিস্থিতি সম্পর্কে কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তা আবু সাইদ বলেন, "কোনো জালভোট পড়েনি। প্রতিটি বুথে নজর রাখা হয়েছে। কোনো অভিযোগ পাওয়া যায়নি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এজে/এসকে/২২৪৭ঘ.
bdnews24