রুহুল আমিন রানা ও মিন্টু চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম-৮ আসনে চারদলীয় জোট প্রার্থী শামসুল আলমের আত্মীয় জাবেদের গাড়ি থেকে রোববার রাতে ৪১ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। কোতোয়ালি থানা পুলিশ বলেছে, চালককে আটক করা গেলেও জাবেদসহ গাড়ির তিন আরোহী পালিয়ে গেছে।
রাত ১১টার দিকে চট্টগ্রাম শহরের আন্দরকিল্লা মোড়ের পুলিশ চেকপোস্টে গাড়ি ও চালক খোরশেদকে আটক করা হয়। তাকে কোতোয়ালি থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শামসুল আলম চট্টগ্রাম-৮ (কোতোয়ালি) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচন করছেন। জাবেদ তার বোনের স্বামী।
কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার বাবুল আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জিজ্ঞাসাবাদে খোরশেদ আমাদের জানিয়েছে, শামসুল আলমের বোনের জামাই জাবেদ এবং সাইফুল ও মহিউদ্দিন নামের দুই ব্যক্তি ওই টাকা ভোটারদের মধ্যে বিলি করার জন্য গাড়িতে নিয়ে যাচ্ছিলেন।"
তবে টাকা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা জানাতে পারেননি খোরশেদ।
সহকারী পুলিশ কমিশনার জানান, জামালখানে শামসুল আলমের প্রধান নির্বাচনী কার্যালয় থেকে প্রাইভেট কারটি রাত ১১টার দিকে আন্দরকিল্লা মোড়ে পৌঁছালে পুলিশ চেকপোস্টে গাড়িটি থামানো হয়। এ সময় জাবেদ, মহিউদ্দিন ও সাইফুল গাড়ি থেকে বেরিয়ে চম্পট দেয়। পুলিশ চালককে আটক করে এবং গাড়ির পেছনে রাখা একটি কার্টন থেকে ৪১ লাখ টাকা উদ্ধার করে।
এদিকে হাটহাজারি বাসস্ট্যান্ডের কাছে খেপুপাড়া এলাকা থেকে রাত সাড়ে ১১টার দিকে একটি মাইক্রোবাস আটক করেছে পুলিশ।
হাটহাজারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম-৪ আসনে জাতীয় পার্টির প্রার্থী আনিসুল ইসলাম মাহামুদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বিএনপি প্রার্থী ওয়াহিদুল আলমের লোকজন ওই গাড়িতে করে ভোটারদের মধ্যে কম্বল, শাড়ি ও টাকা বিতরণ করছিল। স্থানীয় লোকজন এর প্রতিবাদ জানিয়ে গাড়িটি ঘেরাও করলে আরোহীরা পালিয়ে যায়।
আলমগীর হোসেন বলেন, "পুলিশ ঘটনাস্থল থেকে মাইক্রোবাসটি আটক করেছে। তবে গাড়িতে কম্বল, শাড়ি বা টাকা পাওয়া যায়নি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমসি/ডিডি/জেকে/০০৪৭ ঘ.
bdnews24