রাজবাড়ী, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীর পাংশা কলেজ ছাত্রাবাসের একটি কক্ষে শনিবার রাতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বোমা তৈরির সময় বিস্ফোরণ ঘটেছে বলে পুলিশ ধারণা করছে।
পুলিশ জানায়, বিস্ফোরণের সময় কলেজ মসজিদের ইমাম আব্দুল হালিম (২০) ওই কক্ষে ছিলেন। তবে ঘটনার পর তাকে পাওয়া যায়নি। কক্ষে প্রচুর রক্ত ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে। বিস্ফোরণে ওই কক্ষের বিছানাপত্র পুড়ে গেছে।
ঘটনাস্থল থেকে একটি চাকু, জর্দার কৌটা, লোহার জালের কাঠি এবং কাঁচের কিছু টুকরা উদ্ধার করা হয়েছে।
হালিমের বাড়ি পাংশা উপজেলার কসবামজাইল ইউনিয়নের নাদুরিয়া গ্রামে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে ছাত্রাবাসের ছাত্রদের বরাত দিয়ে পাংশা থানার উপ-পরিদর্শক মোহাম্মদ কামরুজ্জামান জানান, আব্দুল হালিম পাংশা সিদ্দিকিয়া মাদ্রাসার একজন ছাত্র। তিনি কলেজ মসজিদে ইমামতি করতেন।
সেনাবাহিনী, র্যাব ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কলেজ অধ্যক্ষ মাহমুদুল হক রোজেন বিষয়টি লিখিতভাবে পাংশা থানাকে অবহিত করেছেন বলেও জানান তিনি।
র্যাবের ক্যাপ্টেন মইনুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিস্ফোরণের মাত্রা ছিল ব্যাপক। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২৫২ ঘ.
bdnews24