২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার সঙ্গে এনডিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ

মহাজোট ২০০ টির কাছাকাছি আসন পাবে বলে আশাবাদী আওয়ামী লীগ। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন ন্যাশনাল ডেমোক্রেটিক ইন্সটিটিউটের (এন ডি আই) প্রতিনিধি দলের বৈঠক শেষে দলটির নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম সাংবাদিকদের বলেছেন, "আমরা ২০০ কাছাকাছি আসন পাবো।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2008, 04:21 PM

Updated : 26 Aug 2022, 02:51 PM

ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- মহাজোট ২০০ টির কাছাকাছি আসন পাবে বলে আশাবাদী আওয়ামী লীগ। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন ন্যাশনাল ডেমোক্রেটিক ইন্সটিটিউটের (এন ডি আই) প্রতিনিধি দলের বৈঠক শেষে দলটির নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম সাংবাদিকদের বলেছেন, "আমরা ২০০ কাছাকাছি আসন পাবো।" আওয়ামী লীগ একাই নাকি মহাজোট মিলে ২০০ আসন হবে এই প্রশ্নের জবাবে ইমাম বলেন, "জোট থেকে ।" বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত হাওয়ার্ড বি শেফারের নেতৃত্বে এন ডি আই এর সাত সদস্যের প্রতিনিধি দলটি বিকাল সাড়ে পাঁচটায় সুধা সদনে আসেন। তারা এক ঘন্টারও বেশি সময় সেখানে অবস্থান করেন। বৈঠক শেষে হাওয়ার্ড বি শেফার উপস্থিত সাংবাদিকদের বলেন, "আমরা সবাই চাই, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন একটি দেশে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে।" সাবেক এই রাষ্ট্রদূত বলেন, "আমরা চাই এখানে একটি ভালো সরকার এবং দায়িত্বশীল বিরোধীদল থাকুক। আমরা আশা করি, সবাই নির্বাচনের ফলাফল মেনে নেবে এবং বিরোধীদল দায়িত্বশীল ভূমিকা পালন করবে।" এরপর এইচ টি ইমাম বলেন, "তারা (এন ডি আই) আমাদের সভানেত্রীর গঠনমূলক বক্তৃতার প্রশংসা করেছেন।" নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকের পাশাপাশি দেশীয় পর্যবেক্ষক নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান ইমাম। তিনি বলেন, "দেশীয় পর্যবেক্ষক আমাদের কী পরিমাণ ক্ষতি করেছে তা আমরা ২০০১ এর নির্বাচনে দেখেছি।" নির্বাচন কমিশনের কর্মকাণ্ড সম্পর্কেও এন ডি আই'য়ের প্রতিনিধি দল আওয়ামী লীগের কাছে জানতে চেয়েছে। সেসময় নির্বাচনী প্রচারে ধর্মের ব্যবহার বন্ধ হওয়া উচিত বলে মত প্রকাশ করেছেন শেখ হাসিনা। এইচ টি ইমাম বলেন, "গত কয়েকদিনে প্রচুর অর্থের ব্যবহার হয়েছে। এ বিষয়টি আমরা এন ডি আইকে তুলে ধরেছি।" বৈঠকে আরো উপস্থিত ছিলেন ল্যারি গারবার, অড্রে ম্যাকলুয়ান, জ্যাকুলিন করকোরান,পিটার ম্যানিকাস, সাইফুল করিম এবং আওয়ামী লীগের পক্ষে সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমির, জিয়াউদ্দিন, রেদওয়ান সিদ্দিক ববি প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/২২১৪ঘ.