২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নিজ ঠিকানায় ছুটছেন ভোটপাগল রাজধানীর মানুষ

কোটির বেশি মানুষের মহানগরী ঢাকার অনেক বাসিন্দারই শেকড় বাইরে। সেই 'নিজ এলাকায়' ভোট দিতে ঢাকা ছাড়ছেন তাদের অনেকে। একসঙ্গে বহু লোক শহর ছাড়ায় প্রায় ঈদের মতোই পরিবহন সঙ্কট সৃষ্টি হয়েছে গত কয়েকদিনে। সরকার অনেক গাড়ি (বাস) রিকুইজিশন করায় সঙ্কট তীব্রতর হয়েছে। সায়েদ তালাত ও গোলাম মর্তুজা অন্তু জানাচ্ছেন বিস্তারিত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2008, 04:09 PM

Updated : 26 Aug 2022, 02:51 PM

সায়েদ তালাত ও গোলাম মর্তুজা অন্তু ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোটির বেশি মানুষের মহানগরী ঢাকার অনেক বাসিন্দারই শেকড় বাইরে। সেই 'নিজ এলাকায়' ভোট দিতে ঢাকা ছাড়ছেন তাদের অনেকে। একসঙ্গে বহু লোক শহর ছাড়ায় প্রায় ঈদের মতোই পরিবহন সঙ্কট সৃষ্টি হয়েছে গত কয়েকদিনে। সরকার অনেক গাড়ি (বাস) রিকুইজিশন করায় সঙ্কট তীব্রতর হয়েছে। দিশারী পরিবহনের (মীরপুর-কেরানীগঞ্জ) চালক হাতেম আলী জানান, তাদের কোম্পানির পঁ^াচটি গাড়ি রিকুইজিশন করা হয়েছে। ইউনাইটেড পরিবহনের (মিরপুর-সদরঘাট) চালক আফজাল জানান, তাদেরও পাঁচটি গাড়ি রিকুইজিশন করেছে প্রশাসন। রোববার মহাখালী, সায়েদাবাদ ও গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, রিকুইজিশনের ভয়ে অনেক মালিক রাস্তায় গাড়ি নামাননি। ফলে ঝুঁকি নিয়ে সীমিতসংখ্যক বাসের ছাদে বা ট্রাকে করে ভোট দিতে বাড়ি যাচ্ছেন অনেকে। টার্মিনালগুলোতে সারাদিন ছিল উপচে পড়া ভিড়। ব্যাপক চাহিদার কারণে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায়ের অভিযোগ করেন অনেক যাত্রী। গাবতলীতে আজমেরী পরিবহনের কাউন্টার সুপারভাইজার আজম জানান, বৃহস্পতিবার বিকেল থেকে ঢাকা ছাড়তে শুরু করে নগরবাসী। শুক্র ও শনিবারের পর নির্বাচনের কারণে সোমবার সরকারি ছুটি হওয়ায় মাঝের রোববার দিনটি অতিরিক্ত ছুটি নিয়ে অনেকেই নিজ এলাকায় যাচ্ছেন। গাবতলী টার্মিনালে দাঁড়ানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও একটি বেসরকারি সংস্থার খণ্ডকালীন চাকুরে তনিমা ভোটার হয়েছেন বাড়িতে। তিনি বললেন, "এবারই প্রথম ভোটার হয়েছি বলে ভোট নষ্ট করতে চাই না। তাই বাড়িতে যাচ্ছি। ভোট দিয়ে মঙ্গলবার ফিরে আসব।" বরিশালের যাত্রী মোজাফফর আহমেদ অভিযোগ করেন, "কাউন্টার থেকে তিনশ টাকার টিকেট সাড়ে তিনশ টাকায় বিক্রি করা হচ্ছে। কারণ জানতে বাস কর্মীরা বলছে, এ দামে নিলে নেন। নইলে টিকেট নেই।" অতিরিক্ত যাত্রীদের চাপের বাইরে পড়েনি কমলাপুর রেলওয়ে স্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনালও। বিভিন্ন রুটে উপচেপড়া যাত্রী নিয়ে রোববার সদরঘাট ছাড়ে লঞ্চগুলো। সপরিবারে বরিশালে যেতে বিকেলে সদরঘাটে আসেন বেসরকারি ব্যাংক কর্মকর্তা মজিবুর রহমান। তিনি বলেন, "একসঙ্গে চারদিনের ছুটি পাওয়ায় গ্রামের বাড়ি যাচ্ছি। একইসঙ্গে ভোটটিও দিয়ে আসব।" তবে সবাই ভোট দিতে ঢাকা ছাড়ছে- এমনটিও নয়। ছুটির সুযোগে নবদম্পতি সুমন ও ফারিয়া যাচ্ছিলেন কক্সবাজার। ফকিরাপুলে একটি পরিবহন কাউন্টারের সামনে দাঁড়িয়ে তারা জানান, অনেকের বাড়ি চলে যাওয়া আর নির্বাচনী গরমে রোববার অফিস খোলা থাকলেও কাজ তেমন হবে না। তাই হানিমুনটা সেরে ফেলছেন তারা। নির্বাচন উপলক্ষে যান চলাচলে নিয়ন্ত্রণ সংসদ নির্বাচন উপলক্ষে ২৭ ও ২৮ ডিসেম্বর মধ্যরাত থেকে সারাদেশে বিভিন্ন ধরনের যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক থাকবে। নির্বাচন কমিশন সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার বলা হয়, ২৮ ডিসেম্বর মধ্যরাত থেকে ২৯ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত সারাদেশে (মেট্রোপলিটন এলাকা বাদে) বাস, ট্রাক, টেম্পো, কার, মাইক্রোবাস, পিক আপ, জিপ, ট্যাক্সিক্যাব, অটোরিক্সা, লঞ্চ ও ইঞ্জিনচালিত সব ধরনের নৌযান, স্পিডবোট ইত্যাদি চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে। নির্বাচন কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মহাসড়কে চলাচলকারী বাসগুলো ঢাকা থেকে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে। এতে কোনো বাধা নেই। আর মেট্রোপলিটন এলাকায় শুধু ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, জিপ ও পিকআপের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। হাওড় ও নদীপ্রধান অঞ্চলে ইঞ্জিনচালিত নৌযানের ওপর নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। অন্যদিকে, সারাদেশেই (মেট্রোপলিটন এলাকাসহ) ২৭ ডিসেম্বর মধ্যরাত থেকে ৩১ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসটি/জিএমএ/এসএনডি/এসকে/২১৫৪ঘ.