২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গণমাধ্যমের সহযোগিতা অব্যাহত থাকবে বলে খালেদার আশা প্রকাশ

বিএনপির প্রতি গণমাধ্যমের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার সন্ধ্যায় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ আশা প্রকাশ করেন। খালেদা জিয়া বলেন, "গণমাধ্যমের সহযোগিতা আগেও যেমন পেয়েছি; আশা করছি আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2008, 03:47 PM

Updated : 26 Aug 2022, 02:51 PM

ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির প্রতি গণমাধ্যমের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার সন্ধ্যায় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ আশা প্রকাশ করেন। খালেদা জিয়া বলেন, "গণমাধ্যমের সহযোগিতা আগেও যেমন পেয়েছি; আশা করছি আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।" সাবেক প্রধানমন্ত্রী সবার কাছে দোয়া চেয়ে বলেন, "কাল নির্বাচন; আগামী দিনে যেন দেশের জন্য কাজ করতে পারি সেজন্য আমি সবার দোয়া চাই।" '৯১ সালের নির্বাচন থেকে প্রতি নির্বাচনেই ভোটের আগের দিন খালেদা জিয়া সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। রোববারের শুভেচ্ছা বিনিময়ও এরই ধারাবাহিকতা বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন। জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত সভায় সাংবাদিকরা নির্বাচনে কারচুপির আশঙ্কা, ফলাফল, ভবিষ্যত পরিকল্পনা, নির্বাচনী সফরগুলোতে তার অনুভূতি, ভবিষ্যতে সরকার গঠন করলে করণীয় ইত্যাদি বিভিন্ন বিষয়ে খালেদা জিয়ার মতামত জানতে চান। জবাবে তিনি নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী এসব প্রশ্নের উত্তর দেওয়াটা ঠিক হবে না বলে মন্তব্য করেন। খালেদা জিয়া জানান, 'দেশ বাঁচাও ও মানুষ বাঁচাও'- এই মন্ত্রে অনুপ্রাণিত হয়ে তিনি দিন-রাত প্রচারণা চালিয়েছেন। এর আগে জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সবুজ খালেদা জিয়াকে অভিনন্দন জানান। শুভেচ্ছা বিনিময় সভায় অন্যদের মধ্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমীন গাজী, সাবেক সভাপতি এম মোজাম্মেল হকসহ সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এসকে/২১৩৫ঘ.