সিরাজগঞ্জ, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের মহাজোট প্রার্থী গাজী শফিকুল ইসলাম শফিকে মারধর ও তার মটরসাইকেল ভাঙচূর করা হয়েছে।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে উল্লাপাড়ার বাগদা গ্রামে তিনি হামলার শিকার হন।
শফিকুল ইসলাম শফি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ত্রাসীরা তাকে লাঞ্ছিত এবং তার মটরসাইকেল ভাঙচূর করেছে।
শফির নির্বাচনী এজেন্ট মো. রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ হামলার জের ধরে ওইদিন রাতে বাগদা গ্রামে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে পাঁচজন আহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, এ ঘটনায় শফিকুল ইসলাম শফি মৌখিক অভিযোগ দিয়েছেন। নির্বাচনী কাজে ব্যস্ত থাকায় লিখিত অভিযোগ দেননি। এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৪৭ ঘ.
bdnews24