২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট দেওয়ার অপেক্ষায় চট্টগ্রামবাসী, শহর ছাড়ছেন অনেকেই

জঁইদার চঁরিত্তুন বাইর গরি দিলিও বোট দিতঁ যাইয়ুম। ইয়্যান ইতারে হালিয়া রাতিয়া হ'ই ছুটি লই- (জমিদার চাকরি থেকে বাদ দিলেও ভোট দিতে যাবো। এটা জানিয়ে কাল রাতে ছুটি নিয়েছি)। ভোট দেওয়ার জন্য এমনই আকুলতা ব্যক্ত করলেন জামাল খানের মোহনা নিবাসের নিরাপত্তা কর্মী আবুল কালাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2008, 01:23 PM

Updated : 26 Aug 2022, 02:51 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---জঁইদার চঁরিত্তুন বাইর গরি দিলিও বোট দিতঁ যাইয়ুম। ইয়্যান ইতারে হালিয়া রাতিয়া হ'ই ছুটি লই- (জমিদার চাকরি থেকে বাদ দিলেও ভোট দিতে যাবো। এটা জানিয়ে কাল রাতে ছুটি নিয়েছি)। ভোট দেওয়ার জন্য এমনই আকুলতা ব্যক্ত করলেন জামাল খানের মোহনা নিবাসের নিরাপত্তা কর্মী আবুল কালাম। রোববার বিকেলে ভোট দিতে গ্রামের বাড়ি আনোয়ারা উপজেলার উদ্দেশে রওনা দেবেন আবুল কালাম । কালামের মতোই কমবেশি প্রতীক্ষায় চট্টগ্রামের ১৬ আসনের ৪৩ লাখ ৮৮ হাজারের বেশি ভোটার। তার মতো চাকুরী কিংবা ব্যবসাসূত্রে নগরীর অস্থায়ী বাসিন্দাদের উল্লেখযোগ্য একটি অংশ ভোট দিতে শহর ছাড়তে শুরু করেছেন। শনিবার বিকেলে অনেককে সপরিবারে বাড়ি যেতে দেখা গেছে বাস স্টেশনগুলোতে। এস এস খালেদ রোডের তাসলিমা বেগম তার শ্বাশুরীসহ ভোট দিতে রাউজানের উদ্দেশে নগরী থেকে রওনা দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গাড়ি পেতে কষ্ট হলেও এলাকার লোকজনের অনুরোধে ভোট দিতে গ্রামে যাচ্ছেন। গত নির্বাচনে শহরেই ভোট দিয়েছেন বলে জানান তাসলিমা । অলংকার মোড় বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, সীতাকুণ্ড, মীরসরাই, ফেনীগামী গাড়ির অধিকাংশ যাত্রী ভোট দেওয়ার জন্য গ্রামে যাচ্ছেন। আবার অনেককে একই উদ্দেশে শহরেও আসতে দেখা গেছে। ব্যবসায়ী ও দোকানদাররা সন্ধ্যার পর তাড়াতাড়ি দোকান বন্ধ করে গ্রামে যাবেন বলে আগ্রাবাদ লাকী প্লাজার ব্যবসায়ী আরাফাত রহমানসহ আরও কয়েকজন জানান। আসকার দিঘীর পাড়ের পান দোকানদার শংকর দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত নির্বাচনে গ্রামে ও শহরে দুই জায়গাতেই তিনি ভোটার হয়েছিলেন। দুপুরের পর কোতোয়ালী আসনের লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ভোট দিতে গিয়ে দেখেন তার ভোট দেওয়া হয়ে গেছে। এবার তিনি ভোট দিতে গ্রামের বোয়ালখালী যাবেন রোববার বিকেলে। অনেকের সঙ্গে কথা বলে দেখা গেছে, এবার দ্বৈত ভোটার হবার সুযোগ না থাকায় নগরীর বাসিন্দাদের অনেকে গ্রামে গিয়ে ভোটার হয়েছেন। এ পর্যন্ত বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা না ঘটায় ভ্রমণের ক্ষেত্রে তাদের কোন দ্বিধা নেই। এদিকে, রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে- নির্বাচনী দায়িত্বপালনকারী কর্মকর্তা ও কর্মচারীদের কেউ এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবার আবেদন করেননি। নিয়ম অনুযায়ী ভোটের ১০ দিন আগে এ আবেদন করার কথা। এবার চট্টগ্রামের ১৬ আসনে ভোট গ্রহণের সঙ্গে সরাসরি জড়িত ত্রিশ হাজারের বেশি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী এবং স্কুল শিক্ষক-শিক্ষিকারা ভোট দিতে পারছেন না। উপজেলা নির্বাচনী কর্মকর্তা শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রামের ১৮১৪টি কেন্দ্রে সরাসরি নির্বাচনী দায়িত্বে থাকবেন ১৮১৪ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৯৩৯৬ জন সহকারি প্রিসাইডিং এবং ১৮ হাজার ৭৯২ জন পোলিং কর্মকর্তা। নির্ধারিত সময়ের মধ্যে এদের কেউ পোস্টাল ব্যালটের জন্য আবেদন না করায় ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এসব কর্মকর্তার বাইরে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও নির্বাচনের আগের দিন থেকে দায়িত্ব পালনে সংশ্লিষ্ট কেন্দ্রে অবস্থান নেবেন। ফলে নির্বাচনের দিন তারা যে এলাকার ভোটার সেখানে গিয়ে ভোট দেবার সুযোগ নেই বলে তিনি জানান। এদিকে, নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে প্রার্থীদের কর্মীরা ভোট কেন্দ্রের বাইরে তালিকা টাঙাতে শুরু করেছেন। অনেক স্থানে তারা টেবিল- চেয়ার নিয়ে বসে আগ্রহী ভোটারদের নম্বর বিতরণ করছেন। গত কয়েকদিন নির্বাচনী প্রচারণার অংশ হিসেবেও তারা ভোটারদের ঘরে ঘরে গিয়ে দলীয় প্রার্থীকে ভোট দেবার অনুরোধ সম্বলিত ছাপানো কাগজে ভোটার নম্বর পৌঁছে দিয়ে এসেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এসকে/১৯১৫ঘ.