২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সৎ ও যোগ্য প্রার্থীদের ভোট দিয়ে সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখুন: হাসিনা

চাঁদপুরের পাঁচটি আসনে মহাজোটের প্রার্থীদের সৎ ও যোগ্য দাবি করে তাদের নির্বাচিত করে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত দেশ গঠনে ভূমিকা রাখার আহবান জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2008, 01:17 PM

Updated : 26 Aug 2022, 02:51 PM

চাঁদপুর, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুরের পাঁচটি আসনে মহাজোটের প্রার্থীদের সৎ ও যোগ্য দাবি করে তাদের নির্বাচিত করে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত দেশ গঠনে ভূমিকা রাখার আহবান জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তিনি বলেন, "চাঁদপুরের পাঁচটি আসনে মহাজোট যাদের প্রার্থী করেছে তারা অবশ্যই সৎ ও যোগ্য। এদের নির্বাচিত করে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত দেশ গঠন এবং সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখুন।" শনিবার রাত সাড়ে ৯টার দিকে চাঁদপুর পৌর ঈদগাহ ময়দানে মহাজোট প্রার্থী ডা. দীপু মনির এক নির্বাচনী জনসভায় ভিডিও কনফারেন্সে মহাজোট নেত্রী এ কথা বলেন। মহাজোট ক্ষমতায় গেলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে আনার আশ্বাস দেন তিনি। হাসিনা বলেন, "সারাদেশে নৌকার পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তাতেই বোঝা যাচ্ছে বিএনপি-জামাত জোট সরকারের পাঁচ বছর মানুষ কি পরিমাণ অত্যাচারিত ও নির্যাতিত হয়েছে। সময় এসেছে সকল অন্যায়-অত্যাচারের জবাব দেওয়ার।" চাঁদপুরের উন্নয়নে অতীতের মতো যা যা করা দরকার তাই করা হবে বলে প্রতিশ্র"তি দেন তিনি। ভিডিও কনফারেন্সে মহাজোট প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর-১ আসনের ড. মহীউদ্দীন খান আলমগীর, চাঁদপুর-৩ আসনের ডা. দীপু মনি ও চাঁদপুর-৪ আসনের মুহম্মদ শফিকুর রহমান। এই তিন প্রার্থী শেখ হাসিনার সঙ্গে কথা বলেন এবং এলাকার মানুষের পক্ষে বিভিন্ন প্রশ্ন রাখেন। ডা. দীপু মনির প্রশ্নের জবাবে হাসিনা বলেন, "মহাজোট ক্ষমতায় গেলে চাঁদপুরের নদী ভাঙন রোধে স্থায়ী কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। ভাঙন কবলিত মানুষদের পূনর্বাসনসহ বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।" মুহম্মদ শফিকুর রহমানের প্রশ্নের জবাবে তিনি বলেন, "ফরিদগঞ্জে গ্যাস সরবরাহসহ গ্যাসভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলা হবে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানোসহ যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা হবে।" ডাকাতিয়া নদীর উপর উটতলিতে সেতু নির্মাণের প্রতিশ্র"তি দিয়ে শেখ হাসিনা বলেন, "এবার নির্বাচিত হলে ফরিদগঞ্জের উন্নয়নের দায়িত্ব আমার।" ভিডিও কনফারেন্সে স্থানীয় নেতাদের মধ্যে শেখ হাসিনার সঙ্গে কথা বলেন জেলা আওয়ামী লীগ সভাপতি ড. মোহাম্মদ শামসুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সহ-সভাপতি ইউসুফ গাজী এবং আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক সুজিত রায় নন্দী। কনফারেন্সের সময় পুরো সমাবেশস্থল কানায় কানায় পরিপূর্ণ ছিল। সময় স্বল্পতার কারণে চাঁদপুর যেতে না পারায় বক্তব্যের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেন। তীব্র শীতে কষ্ট স্বীকার করে তার বক্তব্য শোনার জন্য অপেক্ষায় থাকায় তিনি সবাইকে অভিনন্দন জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯০৬ ঘ.